১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ক্যাচ নিয়ে লিটনের রেকর্ড

ব্যাট হাতে চমৎকার ইনিংস খেলার পর এবার ফিল্ডিংয়ে নতুন কীর্তি লিটন কুমার দাসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 05:36 PM

Updated : 17 Nov 2026, 05:36 PM

উইকেটকিপার-ব্যাটার হিসেবে সাম্প্রতিক সময়ে নিজেকে নতুন করে চেনাচ্ছেন লিটন কুমার দাস। সেই ধারাবাহিকতায় এবার তার ঝুলিতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী কিপার।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট হাতে নান্দনিক ইনিংস খেলার পর ফিল্ডিং করতে নেমে এরই মধ্যে ৬টি ক্যাচ নিয়েছেন লিটন। বিশ্ব রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি ক্যাচ।

টেস্টে বাংলাদেশের কিপার বা ফিল্ডারদের মধ্যে এতদিন সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ছিল মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৫টি ক্যাচ নেন মুশফিক। এই তালিকায় ইমরুলের নাম দেখে চমকে উঠতে পারেন অনেকে। ওয়েলিংটনে ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ৫টি ক্যাচ ছিল বদলি কিপার হিসেবে। ওই ম্যাচে মুশফিক চোট পেলে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে প্রায় দেড়শ ওভার কিপিংয়ের দায়িত্ব সামলান ইমরুল।

এছাড়া ব্যাটিং ও কিপিং মিলিয়ে দারুণ এক কীর্তিও গড়েছেন লিটন। বিশ্বের মাত্র তৃতীয় কিপার-ব্যাটার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৬ ক্যাচ নিয়েছেন তিনি। সেঞ্চুরি ও ইনিংসে ৬ ক্যাচের আগের দুটি ঘটনাও এই জোহানেসবার্গেই।

১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রানের সঙ্গে ৬টি ক্যাচ নেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিপার-ব্যাটার ডেনিস লিন্ডসে। প্রায় ৪৭ বছর পর ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি ৬টি ক্যাচ নেন এবি ডি ভিলিয়ার্স।

বাংলাদেশের নতুন রেকর্ড গড়ার পথে আগের দিন দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের তিনটি ক্যাচই নেন লিটন। মুমিনুল হকের বলে জুবাইর হামজাকে ফিরিয়ে জুটি ভাঙার ক্ষেত্রে তিনি রাখেন অসাধারণ স্কিল ও রিফ্লেক্সের ছাপ।

তৃতীয় দিন সকালে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর আবার বেড়ে যায় লিটনের ব্যস্ততা। ছয় ওভারের মধ্যে তিন উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান। তিনটিই জমা পড়ে লিটনের গ্লাভসে। প্রথমে দূর থেকে কাট করে ক্যাচ দেন ভিয়ান মুল্ডার। এরপর অফ স্টাম্পের বাইরের বল প্রায় একইভাবে কট বিহাইন্ড হন মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মার।

মুশফিক-ইমরুলকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব রেকর্ডও এরই মধ্যে ছুঁয়ে ফেলতে পারতেন লিটন। দ্বিতীয় দিন বিকেলে হাসান মাহমুদের বলে আগেই ডান দিকে সরে যাওয়ায় তড়িঘড়ি করে বাম দিকে ঝাঁপিয়ে রায়ান রিকেলটনের ক্যাচটি নিতে পারেননি তিনি।

কিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি করে ক্যাচ নিয়েছেন- পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভা। তাদের সঙ্গী হওয়ার খুব কাছে এখন লিটন।