১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুরে জয়ই ‘প্রধান লক্ষ্য’ কাবরেরার

সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচের জন্য দল প্রস্তুত বলে প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছেন বাংলাদেশ কোচ।

সিঙ্গাপুরে জয়ই ‘প্রধান লক্ষ্য’ কাবরেরার
বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 08:26 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

বাছাইয়ের তৃতীয় রাউন্ড পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর এবার প্রতিপক্ষ বাংলাদেশের। হাভিয়ের কাবরেরা তাতে ভড়কে যাচ্ছেন না। বাছাই পেরুনোর স্বপ্ন পূরণ না হলেও শেষটা রাঙানোর স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ।

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বাছাইয়ের নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর প্রথম লেগের দেখায় ঢাকায় বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে।

পাঁচ ম্যাচে একটি জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। তাদের টপকে দ্বিতীয় হয়ে বাছাই শেষ করতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প নেই কাবরেরার দলের সামনে। বিকল্প পথে হাঁটতে চাইছেন না বাংলাদেশ কোচও।

“আমরা পুরোপুরি প্রস্তুত। এখানে আসার আগে আমরা ভিয়েতনামের বিপক্ষে একটি কঠিন পরীক্ষা (ম্যাচ) দিয়ে এসেছি। ভিয়েতনাম ম্যাচের ফলাফলটা অবশ্যই হতাশাজনক ছিল, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে। একটি উঁচু র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাব।”

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের হার পেছনে ফেলতে চাইছেন কাবরেরা। কার্ডের খাড়ায় তপু বর্মন, রাকিব হোসেনের অনুপস্থিতিও বাকিদের দিয়ে পূরণ করে নিতে চাইছেন তিনি। সিঙ্গাপুরে শনিবার প্রথম মাঠের অনুশীলন সেরে নেওয়ার পর ফয়সাল আহমেদ ফাহিম, কাজেম শাহ কিরমানিকে নিয়েও স্বস্তির খবর দিয়েছেন কোচ।

“ফাহিম এবং কাজেম এখন সম্পূর্ণ ফিট এবং সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। অভিজ্ঞ খেলোয়াড়দের (তপু ও রাকিব) অভাব সবসময়ই অনুভূত হয়, যারা জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তবে এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ যারা এই ধরণের পরিস্থিতিতে আগে খেলার সুযোগ পায়নি।”

“আমাদের প্রধান লক্ষ্য হলো জয়। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি এবং ছোটখাটো ভুলগুলো (বিশেষ করে সেট পিসগুলোতে) কমিয়ে আনতে পারি, তবে আমরা অবশ্যই ৩ পয়েন্ট অর্জন করতে পারব।”