১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছে সুইসরা’, লেমানের মন্তব্য নিয়ে যা বললেন জাকা

ইয়েন্স লেমান আরও চাঞ্চল্যকর কথা বলেছেন, আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সামনে রেখে।

‘মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছে সুইসরা’, লেমানের মন্তব্য নিয়ে যা বললেন জাকা
গ্রানিত জাকা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 09:13 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

মাঠের লড়াই শুরুর আগে, প্রতিপক্ষ দলের সেরা তারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুইজারল্যান্ডের কোচ, খেলোয়াড়েরা। এ নিয়ে টেলিভিশনে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইয়েন্স লেমান। এ নিয়ে ওঠা প্রশ্নে, সুইস অধিনায়ক গ্রানিত জাকা বলেছেন, মেসিকে প্রশংসা করলেও, নিজেদের লক্ষ্যে অবিচল আছেন তারা।

সুইসরা মেসিকে ‘অতিরিক্ত সম্মান’ দেখাচ্ছে- এতটুকু বলেই ক্ষান্ত হয়নি লেমান; জার্মানির এই সাবেক গোলকিপার আরও বলেছেন, তার মনে হচ্ছে, আর্জেন্টিনা অধিনায়কের সাথে জার্সি বদল করে, ম্যাচ শেষ করাই সুইসদের একমাত্র লক্ষ্য! 

লেমানের ওই মন্তব্য নিয়ে কোনো তীর্যক প্রতিক্রিয়া দেখাননি জাকা। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, বাইরের কারো কথা কানে তুলছেন না তারা। 

“আমাদের সম্পর্কে বাইরের লোক জন কী বলবে, তাতে আমাদের করার কিছু নেই। একটা কাজই আমরা করতে পারি, সেটা হচ্ছে, আমরা মাঠে পারফর্ম করতে পারি এবং আমাদের সামর্থ্য দেখাতে পারি। এর বাইরে কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।”

গুরুত্বপূর্ণ এই ম্যাচে সুইস সমর্থকদের পাশে চাইলেন জাকা।

“স্বপ্ন দেখতে থাকুন। আমি এমন একজন মানুষ যে, সবসময় স্বপ্ন দেখে এবং স্বপ্ন সত্যি হতে পারে। যদি আমরা স্বপ্ন সত্যি করতে চাই, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে আমাদের। আর্জেন্টিনাকে হারাতে হলে, সামর্থ্যের সর্বোচ্চ সীমা দিয়ে চেষ্টা করতে হবে।”

ক্যানসাস সিটিতে, ১২ জুলাই ৭টায় (এএম) কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার-ফাইনালে ওঠা সুইসদের সামনে আছে প্রথমবারের মতো সেমি-ফাইনালে ওঠার হাতছানি।

এবার শিরোপা ধরে রাখার অভিযানে এসেছে আর্জেন্টিনা। চার বছর আগের আসরের মতো মেসি এবারও দলটির অধিনায়ক। দলের দুর্দান্ত পথচলায়, এরই মধ্যে আট গোল করেছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বয়সকে স্রেফ তুড়ি মেরে ছুটে চলা মহাতারকাকে তাই প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।