উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার প্রেরণা প্রতিশোধ
কোপা আমেরিকা অভিযানের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনা। তবে ২২ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখতে থাকা দলটি ঘুরে দাঁড়াতে মরিয়া। আর প্রতিপক্ষ উরুগুয়ে হওয়ায় শুরুর ধাক্কা কাটিয়ে লড়াইয়ে ফিরতে বাড়তি একটা প্রেরণা পাচ্ছে জেরার্দো মার্তিনোর দল। সেই অনুপ্রেরণার নাম 'প্রতিশোধ'।
লাতিন আমেরিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতার সফলতম দল উরুগুয়ে, বর্তমান চ্যাম্পিয়নও তারা। তারপরও এবারের আসরের ফেভারিটের তালিকায় নেই তাদের নাম। তবে জ্যামাইকাকে একমাত্র গোলে হারিয়ে শুভসূচনা করা দলটি আভাস দিয়েছে, সেরা তারকা লুইস সুয়ারেসের অনুপস্থিতি কিংবা 'ফেভারিট' না হওয়ার পরও এবারও শিরোপা লড়াইয়ে ঠিকই আছে তারা।
কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে। গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ে ও জ্যামাইকা মুখোমুখি লড়বে।
প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে গ্রুপ পর্বের লড়াইয়ে বড় একটা হোঁচট খায় আর্জেন্টিনা। ফের কোনো অঘটন আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ে টিকে থাকাটাই কঠিন করে তুলতে পারে। তাই উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো রাখার প্রত্যয় আগেই শুনিয়েছেন আর্জেন্টিনার সেরা তারকা মেসি।
প্রতিশোধ নেওয়ার সুযোগটাও হয়তো আর্জেন্টিনাকে আরেকটু বেশি তাতিয়ে দিচ্ছে। ২০১১ সালের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের কাছে হেরেই ছিটকে পড়েছিল আর্জেন্টিনা। এরপর দুই দল আর মুখোমুখি হয়নি, তা কিন্তু নয়। কিন্তু সেবারের হারের যন্ত্রণাটা আলাদাই; লড়াইটা যে ছিল ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে।
দেশের মাটিতে ওই হারের পর বিশ্বকাপ বাছাইপর্বে আরও দুইবার মুখোমুখি হয়েছে দেশ দুটি। সেখানেও শেষবারের লড়াইয়ে হারের স্বাদ পায় আর্জেন্টিনা; ২০১৩ সালের ১৫ অক্টোবরে মন্তেভিদিওর ওই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল উরুগুয়ে।
উরুগুয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের মোট হিসেবে কিন্তু অনেক এগিয়ে আর্জেন্টিনা। এ পর্যন্ত মোট ১৮০ বারের মুখোমুখি দেখায় ৮৪ বার জিতেছে আর্জেন্টিনা। বিপরীতে উরুগুয়ে জিতেছে ৫৫ বার।
