পরিসংখ্যানে আর্জেন্টিনা-উরুগুয়ে লড়াই
উরুগুয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের মোট হিসেবে অনেক এগিয়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকার এবারের স্বাগতিক চিলির মাঠেও এই প্রতিপক্ষের বিপক্ষে বেশ সফল আর্জেন্টিনা। কিন্তু উরুগুয়ের বিপক্ষে সবশেষ মুখোমুখি লড়াইটা সুখকর নয় লিওনেল মেসিদের।
লাতিন আমেরিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বেও উরুগুয়ের বিপক্ষে দারুণ সফল আর্জেন্টিনা। সাড়ে চার দশকের বেশি সময় ধরে কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারাতে পারেনি উরুগুয়ে।
আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় এবারের আসরে 'বি' গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি। 'বি' গ্রুপের এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।
* চিলিতে এর আগে ৫ বারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে তিনবার, আর উরুগুয়ের জয় একটি, অন্যটি ড্র।
* চিলির মাঠে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শেষ জয় ১৯৫৫ সালের কোপা আমেরিকায়। সেবারের ৬-১ গোলের জয়টা উরুগুয়ের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
* কোপা আমেরিকায় এই দুই দলের শেষ দেখা হয়েছিল ২০১১ সালে। আর্জেন্টিনার মাঠে হওয়া সেই কোয়ার্টার-ফাইনালে জিতেছিল উরুগুয়ে। পরে ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
* কোপা আমেরিকার গ্রুপ পর্বে শেষ তিনটি মুখোমুখি লড়াইয়ের সবকটিতে জিতেছে আর্জেন্টিনা। ১৯৬৭ সালের আসরে গ্রুপের লড়াইয়ে শেষবার তাদেরকে হারিয়েছিল উরুগুয়ে। ওই বছরের টুর্নামেন্টটা হয়েছিল উরুগুয়েতে।
* এ পর্যন্ত শেষ হওয়া কোপা আমেরিকার ৪৩ আসরের মধ্যে এই দুই দল মিলে ২৯ বার শিরোপা জিতেছে। আর্জেন্টিনা ১৪ বার আর উরুগুয়ে ১৫ চ্যাম্পিয়ন হয়েছে।
* চিলিতে হওয়া কোপা আমেরিকার আগের ৬টি আসরের মধ্যে আর্জেন্টিনা ৪ বার এবং উরুগুয়ে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।
* এর আগে কোপা আমেরিকায় প্রথম ম্যাচ না জিতলে কখনই শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।
