মেসিকে রোখার সূত্র নেই উরুগুয়ের
আর্জেন্টিনাকে হারাতে হলে লিওনেল মেসিকে রুখতে হবে-এটা ভালো করেই জানেন দিয়েগো গদিন। কিন্তু উরুগুয়ের অধিনায়কের বিশ্বাস, বিশ্বের অন্যতম সেরা তারকা মেসিকে আটকানোর কোনো কৌশল নেই।
তাই বলে মাঠের লড়াইয়ের আগেই তো আর হাল ছেড়ে দেওয়া যায় না। তবে মেসিকে আটকানোর নির্দিষ্ট কোনো কৌশল না থাকলেও দলগত প্রচেষ্টায় সেটা সম্ভব বলেই মনে করেন গদিন।
"মেসিকে আটকানোর কোনো সুত্র নেই। থাকলে কেউ এটা এরই মধ্যে রপ্ত করত। একক কৌশল নেই, থাকলে সেটা একটা দলগত প্রচেষ্টা। আমরা এটাকে একত্রে করব। কারণ এটা করতে না পারলে সে আমাদের আঘাত করবেই।"
বার্সেলোনার হয়ে এবার 'ট্রেবল' জেতা মেসি এই বছরের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন। স্প্যানিশ ক্লাবটির লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তারই।
তবে জাতীয় দলে ফিরেই কিছুটা যেন ছন্দ হারিয়েছেন টানা চারবারের বর্ষসেরা এই তারকা। অন্তত প্যারাগুয়ের বিপক্ষে তার পারফরম্যান্স অতটা বিধ্বংসী ছিল না। হতে পারে ক্লাবের হয়ে ব্যস্ত মৌসুম কাটানোর পর আবার লম্বা ভ্রমণ ক্লান্তি। তারপরও কোপা আমেরিকায় নিজেদের প্রথম ওই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল ঠিকই করেছিলেন মেসি। মাঝে মধ্যে তার পায়ে দেখে মিলেছিল ফুটবল জাদুও।
তাছাড়া প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা পেছনেই পড়ে গেছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। তাই কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল রাখতে এই ম্যাচে জিততেই হবে মেসিদের। পুরনো রূপে ফিরে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন মেসি।
আর সেটা হলে মেসিকে আটকাতে উরুগুয়ের দলগত প্রচেষ্টার কৌশল কাজে লাগানো যে আরও কঠিন হয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
লা সেরেনায় আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে পাঁচটায়।
