২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে অতীত মনে করিয়ে দিলেন উরুগুয়ে কোচ

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ২০১১ সালের কোপা আমেরিকাকে সামনে তুলে আনলেন অস্কার তাবারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 04:42 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

২০১১ সালের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। ১৩০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

লা সেরেনায় আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে পাঁচটায়। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগের দিনের সংবাদ সম্মেলনে উরুগুয়ে কোচ পরোক্ষভাবে একটি হুমকিই দিয়ে রাখলেন।

"এটাই আমাদের প্রথম দেখা নয়। তাদের দলে অনেক খেলোয়াড় আছে যারা ২০১১ সালেও ছিল।"

এবার অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলেও মানেন তাবারেস। তবে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই উরুগুয়ে করবে বলে উল্লেখ করেন তিনি।

"আমাদের আরও ভালো খেলতে হবে।… আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ভিন্ন।"

উরুগুয়ে কোচ মানেন, আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে হলে লিওনেল মেসিকে রুখতে হবে। তবে তিনি কোনো একক খেলোয়াড় নিয়ে না ভেবে পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষেই পরিকল্পনা সাজাচ্ছেন।

"এটা দলীয় প্রচেষ্টা। মাঝমাঠ আর আক্রমণভাগে আর্জেন্টিনার খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা বেশি। শুধু মেসির দিকে মনোযোগ না দিয়ে আমাদের সবাইকে এক সঙ্গে কঠিন পরিশ্রম করতে হবে।"

এমন একটি ম্যাচের আগে লুইস সুয়ারেসের অভাব বোধ করার কথাও জানান তাবারেস। নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের হয়ে কোপা আমেরিকায় খেলা হচ্ছে না বার্সেলোনার এই ফরোয়ার্ডের।

পুরনো খবর:

উরুগুয়ের বিপক্ষে জয়ের প্রত্যয় মেসির
পরিসংখ্যানে আর্জেন্টিনা-উরুগুয়ে লড়াই
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার প্রেরণা প্রতিশোধ