২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে রোখার রহস্য উন্মোচন ভালদেসের

দুই গোলে পিছিয়ে পড়ার পরও লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, সের্হিও আগুয়েরো সমৃদ্ধ আর্জেন্টিনাকে রুখে দিতে পারার রহস্য উন্মোচন করেছেন আন্তোনিও ভালদেস। প্যারাগুয়ের এই ফরোয়ার্ড জানিয়েছেন, কখনোই হাল ছাড়া যাবে না-এটাই ছিল তাদের একমাত্র মন্ত্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 01:26 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

চিলির লা সেরেনায় বাংলাদেশ সময় রোববার ভোরে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে প্যারাগুয়ে। তবে দ্বিতীয়ার্ধে দুটো গোল শোধ করে দারুণ এক ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার বিপক্ষে ড্র করতে পারায় দারুণ আনন্দিত ভালদেস।

“প্যারাগুয়ের একটা ভালো দল কখনও হাল ছাড়ে না। আজ আবার এটা প্রমাণ করেছি আমরা।”

মেসি, আগুয়েরো, দি মারিয়া, গনসালো হিগুয়াইন...আর্জেন্টিনা দল তারকায় ঠাসা। প্যারাগুয়ে দলটি সে দিক থেকে ম্লান। ভালদেস সেটি উল্লেখ করে বলেন, “দল হিসেবে আমরা ভালো।”

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর প্যারাগুয়ের খেলোয়াড়দের ভেতর থেকে ভয়টা চলে যায়। হারাবার আর কিছু নেই, তাই অর্জনের কথা ভাবতে হবে -এই মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামার কথা জানান ভালদেস।

দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাসী হয়ে ওঠা প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার বিপক্ষে ড্রটি জয়ের মতো বলে উল্লেখ করেন ভালদেস।