২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার আক্রমণ-ত্রয়ীর সঙ্গে ইউভেন্তুসের রক্ষণের লড়াই?

বার্সেলোনার প্রথম ‘ট্রেবল’ জয়ী কোচ পেপ গার্দিওলার কৌশল পাল্টে গেছে, মাঝের এই সময়ে ডাগআউটে হয়েছে বেশ কটি পরিবর্তন, তিকি-তাকার স্বর্ণযুগও পেছনে পড়েছে। কিন্তু তাদের সাফল্যের মূল কারিগর আজও সেই লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইউভেন্তুসকে হারিয়ে ইতিহাস গড়তে তার জাদুকরী ছোঁয়াতেই সাফল্যের স্বপ্ন দেখছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 10:17 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

পরিসংখ্যানে বার্লিনের ফাইনাল
চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা মেসি
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মেসিদের বিশেষ জার্সি
স্বপ্ন পূরণের পথে নেইমার
২৫তম জয়োৎসবে শেষ চাভির?
পেদ্রোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বার্সা
বার্সাকে পগবার হুমকি 
শেষটা জয়ে রাঙাতে চান চাভি
ট্রেবলের হাতছানিই প্রেরণা বার্সার
মেসির আবদার, নেইমারের না
বার্সাকে প্রতিদান দিতে চান মেসি
বার্সায় ২০২০ পর্যন্ত আলবা

তবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মূল লড়াইটা নিশ্চিতভাবেই হবে বার্সেলোনার ভয়ঙ্কর সুন্দর আক্রমণত্রয়ীর সঙ্গে ইউভেন্তুসের রক্ষণের।

প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের এক ধাপ দূরে আছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষ যখন ইউভেন্তুস, তখন একটা ‘বিকল্প’ কৌশল দরকার হতে পারে। দলটির রক্ষণ যে রীতিমত ‘চীনের প্রাচীর’। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া ইউরোপ সেরার শিরোপা নির্ধারণী ম্যাচে মেসি-নেইমারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল।

মাঝ মাঠ থেকে ছোট ছোট পাসে আক্রমণ শানানো তিকি-তাকার সেই সৌন্দর্য আজ নেই বটে, কিন্তু নেইমার আর লুইস সুয়ারেসের সঙ্গে মেসির গড়ে ওঠা আক্রমণ ত্রয়ীতে বার্সেলোনা এখন যেন আরও ভয়ঙ্কর। প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়াটা তারা যেন অভ্যাসে পরিণত করেছেন।

বার্লিনে বাজিমাত করতে পারলে ইউভেন্তুস ট্রেবল জয়ের প্রথম কীর্তি গড়বে। আর বার্সা জিতলে প্রথম ক্লাব হিসেবে দুইবার ট্রেবল জয়ের ইতিহাস গড়বে তারা। ছয় বছর আগে যে আত্মবিশ্বাস আর দুর্বার গতিতে লা লিগার প্রথম দল হিসেবে ট্রেবল জিতেছিল বার্সেলোনা, এবারও যেন দলটিতে সেই একই রূপ। মৌসুমের শুরুতে অবশ্য দলটি এমন বিধ্বংসী ছিল না, কিন্তু এই বছরের শুরুতে যেন ভোজবাজির মতো পাল্টে যায় সব।

আর্জেন্টিনা অধিনায়ক মেসি আর ব্রাজিল তারকা নেইমার আগে থেকেই ছন্দে ছিলেন। পার্থক্যটা বড় হয়ে ওঠে মূলত সুয়ারেস জ্বলে ওঠায়। এই ত্রয়ীর কাঁধে ভর করে প্রথমে ঘরোয়া লিগ জেতার পর কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হয় তারা।

এই তিনের কার্যকারীতার সবশেষ প্রমাণ গত শনিবার কাম্প নউয়ে হওয়া কোপা দেল রের ফাইনালে। আথলেতিক বিলবাওকে ৩-১ ব্যবধানে হারাতে জোড়া গোল করেন মেসি, অন্যটি নেইমার। সুয়ারেস গোল পাননি ঠিকই, কিন্তু বরাবরের মতো তার দূর্বার গতিতে প্রতিপক্ষের রক্ষণে ধরা ফাটল মেসিদের কাজটা অনেক সহজ করে দেয়।

ইউভেন্তুসের রক্ষণ তাই যত বিশ্বসেরাই হোক না কেন, এই মৌসুমে ১২০ গোল করা মেসি-নেইমার-সুয়ারেসে গড়া ভয়ঙ্কর ত্রয়ীকে আটকাতে দরকারের চেয়ে একটু বেশিই করতে হবে ইতালির দলটিকে।

শক্তির পার্থক্যে তাই চারবারের ইউরোপ সেরা বার্সেলোনার সম্ভাবনাই বেশি দেখছে ফুটবল বিশ্ব। এমনকি ইউভেন্তুসের স্ট্রাইকার আলভারো মোরাতা থেকে শুরু করে অধিনায়ক জানলুইজি বুফ্ফনও লুইস এনরিকের দলকে ফেভারিট মানছেন। তাই বলে লড়াইটা যখন একটি ম্যাচের, তখন দলকে তৃতীয়বারের মতো ইউরোপ সেরা করার আশা ছাড়বেন কেন তারা। দলটির ফরাসি মিডফিল্ডার পল পগবাও লড়াইটা এক ম্যাচের বলে জয়ের আশার কথা শুনিয়েছেন।

আর হতে পারে তারকায় ঠাসা বার্সেলোনা অনেক অনেক এগিয়ে, কিন্তু কার্লোস তেভেস ও মোরাতারাও নিজেদের দিনে পার্থক্য গড়ে দিতে পারেন। গত মাসের সেমি-ফাইনালেই এর প্রমাণ পেয়েছে বিশ্ব।

দুই লেগের সে লড়াইয়েও ফেভারিট ছিল ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু তেভেস ও মোরাতার গোলে প্রথম লেগে ২-১ ব্যবধানে জেতার পর প্রতিপক্ষের মাঠে ১-১এ ড্র করে ফাইনালের টিকেট নিশ্চিত করে ইউভেন্তুস। ফিরতি লেগেও গোল করেছিলেন মোরাতা।

রিয়ালের সাবেক স্ট্রাইকার মোরাতা ফাইনালেও গোল করার লক্ষ্যের কথা জানিয়েছেন। আর আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেসের গতি সম্পর্কে তো সবারই জানা। তাই বার্সেলোনার আক্রমণভাগ যতই দুর্দান্ত হোক না কেন, সমানভাবে রক্ষণ সামলাতে না পারলে তেভেস-মোরাতায় ভুগতে হতে পারে কাতালুনিয়ার ক্লাবটিকে।

তবে শনিবারের ইউরোপ শ্রেষ্ঠত্বের মূল লড়াইটা নিশ্চিতভাবেই হবে বার্সেলোনার ভয়ঙ্কর সুন্দর আক্রমণত্রয়ীর সঙ্গে ইউভেন্তুসের রক্ষণের। সেই লড়াই শুরুর আগেই খানিকটা পিছিয়ে পড়েছে ইউভেন্তুস। পায়ের চোটের কারণে খেলতে পারবেন না তাদের রক্ষণের সেরা তারকা জর্জো কিয়েল্লিনি। তবে ইতালির জাতীয় দলের অন্য দুই নিয়মিত ডিফেন্ডার আন্দ্রেয়া বারজাগলি ও লিওনার্দো বোনুচ্চি এবং ফরাসি ডিফেন্ডার পাট্রিস এভরার সামর্থ্য আছে নিজেদের ঘর বিপদমুক্ত রাখার।

দুর্দম্য ওই রক্ষণ ভাঙতে পারলেও সাফল্য পেতে মেসিদের ডিঙোতে হবে আরেকটি পাহারা; ইউভেন্তুসের গোলবার আগলে রাখবেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বুফ্ফন।

তবে যত বাধাই আসুক না কেন, জাদুকর মেসির সঙ্গে নেইমার-সুয়ারেসের সাজানো আক্রমণে প্রিয় দলের ইতিহাস গড়ার স্বপ্ন দেখতে মানা নেই বার্সেলোনা সমর্থকদের।

এ সবের মাঝে বার্লিনে বার্সেলোনার জন্য থাকছে আরেকটি প্রেরণার উৎস। এই ম্যাচ দিয়েই দলটির সঙ্গে ১৭ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা দল হয়ে ওঠা বার্সেলোনার অন্যতম কারিগর চাভি এরনান্দেস। মাঝ মাঠের এই তারকা সতীর্থের বিদায় বেলায় ট্রেবল-এর চেয়ে বড় উপহার আর কি দিতে পারেন মেসিরা?