২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫তম জয়োৎসবে শেষ চাভির?

দেখতে দেখতে চলে এসেছে বার্সেলোনা আর চাভি এর্নান্দেসের ১৭ বছরের বন্ধন ছিন্ন হওয়ার দিন। তবে আবেগে ভেসে না গিয়ে বিদায়ের রাতটিকে জয়োৎসবে রূপ দিতে চান কাতালুনিয়া ক্লাবটির মিডফিল্ডার।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 08:19 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

পুরনো খবর:

আনন্দাশ্রুতে চাভির বিদায়
চাভির বিদায়ে বার্সেলোনার বিশেষ জার্সি
চ্যাম্পিয়ন বার্সাকে রুখে দিল দেপোর্তিভো
১৭ বছরের বার্সা-বন্ধন ছিড়ল চাভির
বার্সাকে বিদায় জানাচ্ছেন চাভি

আগামী শনিবার বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বলে কথা; আকাশে-বাতাসে উত্তেজনার রেণু উড়ছে, রোমাঞ্চের পরশ ছুঁইয়ে যাচ্ছে সবাইকে। 
 
এরই মধ্যে স্পেনের লা লিগা ও কোপা দেল রে জিতে ডাবল পূর্ণ করেছে বার্সেলোনা। কাম্প নউ জুড়ে ট্রেবল জয়ের প্রত্যাশা-সঙ্গীত ভেসে বেড়াচ্ছে। এত কিছুর মধ্যেও কাতালুনিয়ার বীরকে মর্যাদাপূর্ণ বিদায় দেওয়ার নানা প্রক্রিয়া সারছে বার্সেলোনা।
 
কাম্প নউতে ১৮ বছর বয়সে খেলা শুরু করা চাভিকে আনুষ্ঠানিক বিদায় জানানো শেষে মেসি-নেইমাররা বার্লিনে। 
 
এতগুলো বছর ধরে একে একে জেতা ২৪টি ট্রফি থরে থরে সাজানো ছিল কাম্প নউয়ের মাঠে। বর্তমান অদম্য বার্সেলোনার সবচেয়ে বড় কারিগর তার জেতা সেই আটটি লিগ, তিনটি স্প্যানিশ কাপ, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ছয়টি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপের শিরোপা নিয়ে ছবি তোলেন। এরকম আরেকটা ছবি বার্লিনেও তুলতে চান চাভি।
 
কোনো রাখঢাক না রেখেই তিনি ঘোষণার মতো করে বলে দিয়েছেন, “চলে যাওয়ার আগে বার্লিনে আরেকটি ট্রফি ঊর্ধ্ব তুলে ধরার আশা করি আমি।"
 

চাভির এই স্বপ্ন যেন যেন সংক্রমিত হয়েছে পুরো বার্সেলোনায়ই। তার প্রিয় ক্লাব বার্সেলোনার আনাচে কানাচে ধ্বনি-প্রতিধ্বনিত হচ্ছে-চাভি আরেকটা শিরোপা জিতুক, ২৪ থেকে ২৫ করেই তিনি বিদায় নিন।  সবার মনের কথা যেন কণ্ঠে ধারণ করেছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল। এলস মাতিনস দে কাতালুনিয়া রেডিওকে তিনি বলেন, “আমি আশা করছি, চাভি চ্যাম্পিয়ন্স লিগ জিতুক।” চাভির আনুষ্ঠানিক বিদায়ের খবরটি দিয়ে তার শেষ দিকে বার্সেলোনার ওয়েবসাইটেও একই প্রত্যাশার কথা লেখা হয়, “চাভি, এটাকে ২৫ করো।” চারদিকে এত চাওয়া, এত প্রার্থনা; ফুটবল দেবতা একজন ফুটবল-বীরকে স্বপ্নের মতো শেষটা করতে দিলেই হয়। তা, চাভির বিদায়টা শনিবার যেভাবেই হোক; সাধারণ ফুটবল সমর্থক থেকে পাঁড় ভক্ত, ফুটবল বিশেষজ্ঞ- সবাইকেই স্যালুট জানাতে হবে চাভি এর্নান্দেস ক্রেউসকে।