চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা মেসি
চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম স্পন্সর মাস্টার কার্ডের আয়োজনে করা ভোটে টুর্নামেন্টটির সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন জিনেদিন জিদান ও ক্রিস্তিয়ানো রোনালদোকে।
বার্লিনে আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইউভেন্তুস। এর আগে ভোটাভুটির আয়োজন করে মাস্টার কার্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আয়োজন করা এই ভোটে অংশ নেয় ইউরোপের ফুটবল ভক্তরা।
মেসি ২৭ শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হন। রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের সাবেক তারকা দ্বিতীয় স্থানে থাকা জিদান পান ১২ শতাংশ ভোট।
ফরাসি কিংবদন্তি জিদানের ঠিক পরেই আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান তারকা রোনালদো। ১১ শতাংশ ভোট পান পর্তুগালের অধিনায়ক। এরপর আছেন যথাক্রমে ব্রাজিলের রোনালদো ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহ্যাম।
