মেসিকে ভয় পায় না ইউভেন্তুস
লিওনেল মেসির প্রতি ইউভেন্তুসের খেলোয়াড়দের সমীহ আছে বলে জানিয়েছেন দলটির স্ট্রাইকার আলভারো মোরাতা। তবে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে তার দল ভয় পায় না বলে উল্লেখ করেছেন স্পেনের তরুণ এই ফুটবলার।
আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউভেন্তুস।
চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল অর্জন করতে উন্মুখ হয়ে আছে ইউভেন্তুসের খেলোয়াড়রা। তাদের এই স্বপ্নের পথে মেসিই সবচেয়ে বড় বাধা বলে মানেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড মোরাতা।
“মেসিকে ভয় নেই আমাদের। মেসি যেহেতু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, আমরা সবাই তাই তাকে সমীহ করি।”
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতে ইতিহাস হতে চায় ইউভেন্তুসের খেলোয়াড়রা। আর অদম্য বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগে এটাই তাদের বড় প্রেরণা বলে জানান মোরাতা।
