নেইমার, পেদ্রোর গোলে শিরোপা লড়াইয়ে এগিয়ে বার্সা
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ তিনবারের দেখায় জিততে না পারার হতাশা দারুণভাবে কাটাল বার্সেলোনা। ঘরের মাঠ কাম্প নউয়ে নেইমার ও পেদ্রোর গোলে শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইয়েও এগিয়ে থাকল লুইস এনরিকের দল।
শনিবার রাতে ২-০ গোলে জিতলেও প্রায় পুরো সময়টাতেই ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে বার্সেলোনা।
গত সপ্তাহে তিন মিনিটের মধ্যে বায়ার্ন মিউনিখকে লন্ডভণ্ড করে দেওয়া লিওনেল মেসি এ দিনের শুরুতেই দারুণ কিছুর ইঙ্গিত দেন। অষ্টম মিনিটে তার হেডের পর শেষ মুহূর্তে বল ঠেকিয়ে দেন গোলরক্ষক।
দ্বাদশ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন নেইমার, গোলরক্ষককে একা পেয়েও ছোট ডি বক্সের মধ্যে ঠিকমতো শট নিতে পারেননি তিনি।
২৮তম মিনিটে রক্ষণের উপর দিয়ে বল বাড়িয়ে দারুণ একটা সুযোগ তৈরি করেন মেসি, কিন্তু দুবারের প্রচেষ্টায়ও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন জেরার্দ পিকে।
৩৩তম মিনিটে আবারও মেসি জাদু; ডান দিকে দুই জনের বাধা এড়িয়ে তার উঁচু করে বাড়ানো ক্রস আয়ত্তের মধ্যে পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন লুইস সুয়ারেস।
শেষ ১০ মিনিটে সহজ কঠিন মিলিয়ে আরও কয়েকটা সুযোগ করে বার্সেলোনার খেলোয়াড়েরা।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ আসে বার্সেলোনার সামনে, কিন্তু এ যাত্রায় মার্ক বারত্রার হেড রুখে দিয়ে তাদের হতাশ করেন সোসিয়েদাদ গোলরক্ষক।
অবশেষে ৫১তম মিনিটে মেসি-নেইমার জুটিতে কাঙ্খিত গোল পায় বার্সেলোনা। ডান দিক থেকে আর্জেন্টিনা অধিনায়কের দারুণ ক্রস সোসিয়েদাদের এক খেলোয়াড় হেড করে ঠেকানোর চেষ্টা করেও পারেননি, বল আয়ত্তে পেয়ে দুরূহ কোণ থেকে হেড করে জালে জড়ান নেইমার।
আর ৮৫তম মিনিটে বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। মেসির আস্তে করে বাড়ানো বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে উপরে উঠে যায়, তা থেকেই চমৎকার গোলটি করেন স্পেনের স্ট্রাইকার পেদ্রো।
দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হারান মেসি নিজেই; মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে ছুটে এসে ডি বক্সে ঢুকে শট নিয়েছিলেন তিনি, কিন্তু একটুর জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়।
এই জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের ৫ পয়েন্টে এগিয়ে গেল কাতালুনিয়ার দলটি। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৯০।
