২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার ইস্যুতে কাঠগড়ায় বার্সেলোনা

ব্রাজিল তারকা নেইমারকে বার্সেলোনায় আনার সময় কর ফাঁকির অভিযোগ নিয়ে কাঠগড়ায় উঠতেই হচ্ছে ক্লাব কর্তাদের। বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সাবেক সভাপতি সান্দ্রো রোসেল ও ক্লাবের বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দিয়েছেন স্পেনের এক বিচারক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 06:00 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

বার্তোমেউ, রোসেল ও ক্লাবের বিরুদ্ধে মোট ১ কোটি ৩০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আছে। ওই চুক্তির মোট অর্থের পরিমাণ লুকিয়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই কর ফাঁকি দেয়া হয়।  
 
২০১৩ সালে সান্তোস থেকে ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারকে আনার সময় বার্সেলোনার তখনকার সভাপতি রোসেল জানিয়েছিলেন, নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচ হয়। কিন্তু পরে ক্লাব স্বীকার করে যে, খেলোয়াড় ও তার বাবার সঙ্গে অন্যান্য চুক্তির কারণে ট্রান্সফার ফি বেড়ে ১০ কোটি ইউরোর কাছাকাছি হয়ে যায়। 
 
গত মাসে শুরু হওয়া পুরো বিষয়টার তদন্ত শেষে শনিবার বিচারক পাবলো রুস জানান, কর ফাঁকির বিষয়ে ক্লাব বার্সেলোনা এবং এর বর্তমান ও সাবেক সভাপতির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। 
 
আর সব তথ্য জোগাড় করে এবং সাক্ষ্য শুনে বিচারক রুস নির্দেশ দেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর মতো যথেষ্ট প্রমাণ আছে।
 
বার্সেলোনা অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। সেই সঙ্গে ক্লাবটি এও জানায়, যেসব প্রমাণাদি পাওয়া গেছে তাতে কোনো অপরাধ হওয়ার প্রমাণ হয় না বলেই তারা বিশ্বাস করে।
 
এর আগে গত মাসে বার্তোমেউ আদালতে উপস্থিত হয়ে দাবি করে, সে নিজে বা ক্লাব এবং ক্লাবের কোনো কর্মকর্তাই সজ্ঞানে কর ফাঁকি দেয়নি।
 
নেইমারের ট্রান্সফার ফি নিয়ে প্রথমে বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে ২০১৪ সালের জানুয়ারি মাসে পদত্যাগ করেন তিনি।
 
রোসেলের পদত্যাগের পর বার্সেলোনার সভাপতির আসনে বসেন বার্তোমেউ।