২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে আনচেলত্তির সবচেয়ে বাজে ম্যাচ

আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারটিকে রিয়াল মাদ্রিদে নিজের সবচেয়ে বাজে ম্যাচ বলে মানছেন কার্লো আনচেলত্তি। আর এমন হারের দায় নিজেই নিচ্ছেন রিয়াল মাদ্রিদের এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 03:50 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

রিয়ালকে গুঁড়িয়ে শিরোপা লড়াইয়ে আতলেতিকো
আতলেতিকোর মাঠে রিয়ালের প্রতিশোধের লড়াই

চোটের কারণে শনিবার আতলেতিকোর বিপক্ষে খেলতে পারেননি রিয়ালের দুই ডিফেন্ডার পেপে ও সের্হিও রামোস। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আরেক ডিফেন্ডার মার্সেলোও।

রাফায়েল ভারানে ও নাচো ফের্নান্দেস আতলেতিকোর আক্রমণভাগের সঙ্গে পেরে ওঠেনি। নিজেদের মাঠে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আতলেতিকো।

এমন হার কিছুতেই মেনে নিতে পারছেন না আনচেলত্তি।

“আমি রিয়াল মাদ্রিদে আসার পর আমাদের খেলা ম্যাচগুলোর মধ্যে এটাই সবচেয়ে বাজে।”

প্রথম গোলটা রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকের কাসিয়াসের ভুলেই খায়। অনেকেই তাই এই হারের দায় তাকেও দিচ্ছে। তবে আনচেলত্তি তার খেলোয়াড়দের বদলে সব দোষ নিজের ঘাড়ে নেন।

“যা ঘটেছে তা বিশ্লেষণ করার জন্য আমার মাথা ঠাণ্ডা রাখা প্রয়োজন ছিল। আমি দায়িত্ব নিচ্ছি।”

আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে বড় এই জয়ের কৃতিত্ব দেন তার খেলোয়াড়দের।

“আমাদের কোচেদের অনেক পরিকল্পনা থাকে। বিষয় হচ্ছে, তাদের (খেলোয়াড়) সঙ্গে যোগাযোগ করাটা এবং এরপর খেলোয়াড়দের এটা কার্যকর করার ব্যাপার। আমরা যা চাই, এই দলটি তা খুব ভালো ভাবে বুঝতে পারে। এরপর তারা গিয়ে কাজটা করে।”