আতলেতিকোর মাঠে রিয়ালের প্রতিশোধের লড়াই
একে তো প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ, তার ওপর আবার এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তাই লা লিগা জয়ের সম্ভাবনা উজ্জ্বল রাখতে কার্লো আনচেলত্তির দলকে এবার কঠিন পরীক্ষা দিতে হবে।
শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে হবে রিয়াল-আতলেতিকোর লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ।
কঠিন এই লড়াইয়ের আগে একটা জায়গায় অবশ্য বড় স্বস্তি আছে রিয়ালের; দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই দলে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
লিগে এ পর্যন্ত ২৮ গোল করা রোনালদোকে ফিরে পেলেও দুশ্চিন্তা দূর হচ্ছে না আনচেলত্তির। কারণ মাঝমাঠের তারকা হামেস রদ্রিগেস চোট পেয়ে ছিটকে পড়েছেন। একই কারণে দলে নেই সের্হিও রামোস ও পেপে। আর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার মার্সেলো।
রক্ষণের এমন দুর্বলতা ভাবিয়ে তুলেছে রিয়াল কোচকে।
“দলের এই অংশে আমাদের শক্তি সীমিত এবং আমাদের জন্য এটা একটা সমস্যা।”
তাই বলে জয়ের আশা ছাড়তে রাজি নন ইতালির এই কোচ।
“আমরা লড়াইটা তাদের জন্য যত সম্ভব কঠিন করতে এবং তাদেরকে হারানোর দিকে মনোযোগ দিচ্ছি।”
লিগের বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকোয় অবশ্য নেই কোনো চোট সমস্যা। তাছাড়া নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ উজ্জ্বল। তাই ম্যাচটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ নিশ্চয় হারাতে চাইবে না দিয়েগো সিমেওনের দল।
গত জুনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরে গিয়েছিল আতলেতিকো। তবে শিরোপা হারানোর ওই কষ্ট এই মৌসুমে ভালোভাবেই পুষিয়ে নিয়েছে তারা।
মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর ঘরের মাঠে ১-০ গোলে জিতে শিরোপা জিতে নেয় আতলেতিকো।
এরপর লিগে গত সেপ্টেম্বরে রিয়ালকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় আতলেতিকো। পরে আবার গত মাসে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালকে ২-০ গোলে হারানোর পর ফিরতি লেগে ২-২ গোলে ড্র করে আতলেতিকো।
তাই একই দলের বিপক্ষে গত চার ম্যাচের ফল আতলেতিকোকে দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে। অন্যদিকে, প্রতিবেশী দলের বিপক্ষে টানা ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পাশাপাশি রিয়ালের জন্য এবারের ম্যাচটা প্রতিশোধের লড়াইও।
২১ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৪৭। ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
