আশাবাদী ক্রুইফ, সতর্ক থাইল্যান্ড কোচ
থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। প্রতিপক্ষের কোচেরও একই প্রত্যাশা; তবে নিজেদের মাঠে খেলা বাংলাদেশকে সমীহ করছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকাল পাঁচটায় গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন থাইল্যান্ড ও ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের ভাবনা জানান দুই কোচ।
দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ছয় গোল দিয়ে শেষ চারে ওঠা থাইল্যান্ডকে শ্রদ্ধার চোখে দেখছেন ক্রুইফ। তবে নিজ দল নিয়েও আশাবাদী নেদারল্যান্ডসের এই কোচ।
“থাইল্যান্ড ভালো দল; শক্তিশালী দল। আমরা ওদেরকে বিশ্লেষণ করেছি। তারা খুবই শৃঙ্খলাবদ্ধ দল এবং ফুটবল নিয়ে তাদের চিন্তা-ভাবনাও উন্নত। তবে আমাদের লক্ষ্য গোল্ড কাপের ফাইনাল খেলা।”
“আমাদের প্রথম লক্ষ্য ছিল সেমিতে খেলা আর এখন ফাইনালে ওঠা। আমরা সবসময় জিততে চাই। ফাইনালে ওঠার জন্য কালকের ম্যাচে আমরা লড়াই করব”, যোগ করেন তিনি।
মালয়েশিয়ার কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জিতে শেষ চারে জায়গা করে নেয়া বাংলাদেশকে থাইল্যান্ড কোচ ফোমরাত চোকতাভি সমীহ করছেন দুটি কারণে। প্রতিপক্ষ দলের মিডফিল্ডার ও স্বাগতিক দর্শকদের চাপ সামাল দেয়াটাই তার দুর্ভাবনার জায়গা।
“বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে। তারাই ফেভারিট। তাদের মাঝ মাঠ সবচেয়ে শক্তিশালী। তাছাড়া নিজেদের মাঠে চেনা দর্শকের সামনে খেলবে বাংলাদেশ। আমরা যদি তাদের দর্শক দেখে ভয় পেয়ে যায়, তাহলে ম্যাচে হেরেও যেতে পারি।”
শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে মাঝ মাঠে দারুণ খেলেছেন স্বাগতিক দলের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলকে জয় এনে দেয়া গোল করে দিনাজপুরের এই আঠার বছর বয়সী তরুণ থাইল্যান্ড কোচের চোখে প্রতিপক্ষের সবচেয়ে ‘বিপদজ্জনক খেলোয়াড়।”
ক্রুইফ কেবল হেমন্তে নয়, সব শিষ্যের ওপরই আস্থা রাখছেন। অবশ্য যে কোনো ফলের জন্যও তৈরি থাকছেন নেদারল্যান্ডসের এই কোচ।
“ছেলেদের বলেছি-যাও এবং ম্যাচটা জিতে এসো। দলের ওপর শতভাগ আস্থা আছে আমার। তবে মনে রাখতে হবে, ফুটবলে যে কোনো কিছুই হতে পারে।”
