বিশ্বকাপের বাছাইয়ে প্লে-অফ থেকে রেহাই বাংলাদেশের
এএফসির র্যাঙ্কিংয়ে প্রথম ৩৪টি দলের মধ্যে থাকায় ফুটবল বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের প্লে-অফ রাউন্ডে খেলা থেকে রেহাই পেয়েছে বাংলাদেশ। প্রাক-বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড থেকে খেলবে মামুনুলরা।
সংস্থাটির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সামনে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার দরজা খুলল। প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্বে হোম-অ্যাওয়ে মিলিয়ে আটটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্লে-অফের দুটি ম্যাচ মিলিয়ে হেরে গেলে আর খেলার সুযোগ থাকতো না।
এশিয়ান ফুটবল কনফেডারেশন চিঠি দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানায়, এএফসির র্যাঙ্কিংয়ে প্রথম থেকে ৩৪তম স্থানে থাকা দলগুলো প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ৩৪তম অবস্থানে থাকায় সরাসরি দ্বিতীয় পর্বে খেলবে।
আর র্যাঙ্কিংয়ে ৩৫ থেকে ৪৬তম স্থানে থাকা ১২টি দলকে নিয়ে হবে প্রাক-বাছাইয়ের প্রথম পর্ব বা প্লে-অফ। এখান থেকে প্লে-অফের মাধ্যমে ছয় দল দ্বিতীয় রাউন্ডের টিকেট পাবে। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা ৩৪ দল ও প্রথম পর্বের চ্যাম্পিয়ন ছয় দল-এই মোট ৪০ দল নিয়ে হবে প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্ব।
প্রাক বাছাইয়ের দ্বিতীয় পর্বে ৪০ দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ-এই ১২ দল সরাসরি পাবে ২০১৯ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ। এই ১২ দল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মূল বাছাই পর্বে খেলার যোগ্যতাও অর্জন করবে।
২০১৪ বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের প্রথম পর্বে পাকিস্তানের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতেছিল। নিজেদের মাঠে ৩-০ গোলের জয় পাওয়ার পর পাকিস্তানের মাঠে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
দ্বিতীয় পর্বে দুই লেগ মিলিয়ে লেবাননের কাছে ৪-২ ব্যবধানে হেরে প্রাক -বাছাই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। সেবার প্রথম লেগে লেবাননের মাঠ থেকে ৪-০ ব্যবধানে হেরে আসার পর ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ।
