দেপোর্তিভোর বিপক্ষে ফিরছেন মেসি-নেইমাররা
দেপোর্তিভো লা করুনার বিপক্ষে পুরো শক্তির দল নিয়েই নামতে চায় বার্সেলোনা। বিশ্রাম কাটিয়ে এই ম্যাচের জন্য দলে ফিরছেন লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেসরা।
দেপোর্তিভোর মাঠে রোববার স্পেনের লা লিগায় বার্সেলোনার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে।
বড় তারকাদের ছাড়াই এলচের মাঠ থেকে দ্বিতীয় পর্বে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে এনরিকের দল। দুই পর্ব মিলিয়ে ৯-০ ব্যবধানে কোপা দেল রের শেষ আটে ওঠে তারা।
লা লিগার এই ম্যাচে বড় তারকাদের ফেরানোর একটাই কারণ-পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় বার্সেলোনা।
১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
