আতেলিতোকোর সহজ জয়
লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে সহজ জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগে করদোবাকে ৪-২ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।
নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে ৪৩তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের জালে গোলটি করেন করদোবার স্প্যানিশ ডিফেন্ডার লুসো।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে করদোবাকে সমতায় ফেরান নাবিল ঘিলাস। আর্জেন্টিনার ফরোয়ার্ড ফেদেরিকো কার্তাবিয়ার কর্নারে হেড করে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড
পাঁচ মিনিট পরেই অবশ্য আন্তোনিও গ্রিজমানের গোলে ফের এগিয়ে যায় আতলেতিকো। স্পেনের ডিফেন্ডার হুয়ান ফ্রানের ক্রসে ছোট ডি বক্সের মধ্যে থেকে হেড করে বল জালে জড়ান গ্রিজমান।
চার মিনিট পরে ব্যবধান বাড়ান মারিও মানজুকিচ। স্পেনের মিডফিল্ডার কোকের ক্রসে হেড করে লক্ষভেদ করেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।
আর ৮০তম মিনিটে হেডে ব্যবধান ৪-১ করে জয় নিশ্চিত করে ফেলেন স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া। এই গোলটির উৎসও কোকের ক্রস।
নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান ঘিলাস।
১০ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৩।
