২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘিগিয়া-কাণ্ড আর চান না পেলে

১৯৫০ সালে নিজের দেশে বিশ্বকাপের ফাইনালে আলসিদেস ঘিগিয়ার গোলে উরুগুয়ের কাছে হেরে দেশবাসীকে শোকে ভাসিয়েছিল ব্রাজিল। ফিফা ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ফুটবল কিংবদন্তি পেলে ফিরে গেলেন ৬৪ বছর আগের সেই ফাইনালে। জানালেন, এমন কষ্ট এবার যেন না পায় ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 10:56 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

আর ক’দিন বাদেই ৬৪ বছর পর ব্রাজিলে ফিরছে বিশ্বকাপ। ১৯৫০ সালের সেই আসরের কোন স্মৃতিটা আপনার মনে সবচেয়ে বেশি জ্বলজ্বলে?

পেলে: অনেক স্মৃতিই তো আছে। তবে প্রথম যে স্মৃতিটা আমার মনে পড়ে, সেটি হল, শেষ ম্যাচে ব্রাজিলের ওই হারটা। যে হারের কারণে প্রথমবার আমি আমার বাবাকে কাঁদতে দেখি। তখন আমার বয়স ছিল নয় কি দশ বছর। স্পষ্ট মনে আছে, বাবা রেডিওর পাশে বসে আছেন। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কাঁদছ কেন, বাবা?’ উনি বললেন, ‘ব্রাজিল যে বিশ্বকাপটা জিততে পারল না!’ এই ছবিটা সেই ১৯৫০ সাল থেকে আমার মনে গেঁথে আছে। এরপর ঈশ্বর আমার প্রতি সদয় হয়েছিলেন। কারণ ওই ঘটনার আট বছর পর জাতীয় দলের সঙ্গে আমি সুইডেন যাই এবং বিশ্বকাপ জিতি। সব মিলিয়ে চারটি বিশ্বকাপ আমি খেলেছি, এর মধ্যে ট্রফি জিতেছি তিনটির। এটি তাই এখন বলতেই পারি, বাবার ওই সব হারানোর কান্নার পর ঈশ্বর আমাকে সব কিছু ফিরিয়ে দিয়েছেন।

আগে আপনি বলেছিলেন যে, বাবার ওই কান্না চিরস্থায়ী প্রভাব ফেলেছিল আপনার ক্যারিয়ারে। বিষয়টা একটু বিস্তারিত বলবেন কী?

পেলে: বাবা নিজেও ছিলেন ফুটবলার। ওই দিনটিতে আমি তিন-চারজন বন্ধুর সঙ্গে ছিলাম, যারা ছিলেন বাবার সতীর্থদের সন্তান। তখন তো আমাদের টেলিভিশন ছিল না। সবাই একসঙ্গে বসে রেডিওতে খেলা শোনার জন্য বাবা তাঁর সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা ছোটরা রাস্তায় গিয়ে ফুটবল খেলছিলাম। মনে আছে, চারপাশে অনেক লোকের আনাগোনা ছিল, আর ছিল কোলাহল। বুঝতে পারছিলাম যে, বড় কিছু হচ্ছিল। পরে বিকেলে হঠাৎই সব কোলাহল থেমে গেল। এই নিশ্চুপ হয়ে যাওয়ার কারণ জানতে আমরা বাড়ির ভেতরে ঢুকি। দেখলাম, বাবা কাঁদছেন আর বললেন যে, আমরা হেরে গিয়েছি। মনে আছে, আমি হালকা স্বরে বাবাকে বলেছিলাম, ‘কেঁদো না বাবা, আমি তোমার জন্য বিশ্বকাপ জিতে নিয়ে আসব। এটি বলেছিলাম, কারণ ওই বয়সে বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কী বলতে হবে, সেটি জানতাম না। কিন্তু আট বছর পর জাতীয় দলের সঙ্গে ঠিকই আমি বিশ্বকাপ জিতেছিলাম।

উরুগুয়ের কাছে অপ্রত্যাশিত ওই হার দেশটাকে কিভাবে নাড়িয়ে দিয়েছিল?

পেলে: আমি তো তখন ছিলাম বাচ্চা একটা ছেলে। জীবনে ওই প্রথমবার এত লোককে একসঙ্গে বিমর্ষ হতে এবং কাঁদতে দেখেছি। এমনটাও শুনেছি যে, দুই-তিনজন নাকি হার্ট অ্যাটাকে মারাও গিয়েছেন। খুব ছোট থাকলেও সবার বিশাল বিষণ্নতা আমার মনে আছে। সেটি কিছুতেই ভোলার নয়।

আপনার জন্ম যদি আগে হত এবং সেই বিশ্বকাপটি যদি খেলতেন, তাহলে কি ‘মারাকানাজো’ হত?

পেলে: এটি তো বলার অপেক্ষা রাখে না, সবাই সবসময় নিজের দেশ ও পরিবারের জন্য সেরাটাই চায়। আমার যদি সুযোগ থাকত, তাহলে ঈশ্বরকে বলতাম যে, আমার জন্মটা আগে করে দিতে। যেন ওই ‘মারাকানাজো’ ঠেকানোর জন্য আমি ব্রাজিলকে সাহায্য করতে পারি।

আলসিদেস ঘিগিয়ার সেই জয়সূচক গোলটির জন্য ব্রাজিলের গোলরক্ষক মোয়াসির বারবোসাকে অনেক সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছে। সেটি আপনার মনে আছে?

পেলে: আমি পরে তার সাক্ষাৎকার দেখেছি। যেখানে তিনি বলেছেন, লোকে ওই গোলটির জন্য তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে। তিনি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ আমি খেলেছি। ওই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে তোলার পথে আমার অনেকগুলো সেভের ভূমিকা আছে। কিন্তু এখনো লোকে আমাকে ওই একটি গোলের জন্য দোষারোপ করে।’ আমার আসলে বারবোসার জন্য দুঃখ হয়। কিন্তু এটাই তো জীবন। আসলে সমর্থকরা সবাই জয়ের জন্য মরিয়া হয়ে ছিল। সেটি যখন হল না, তখন তাদের আবেগ সামাল দেওয়া মুশকিল হয়ে যায়। আর হারলে কখনো কখনো সমালোচনা হবেই।

আপনাকে বাবাকে কাঁদিয়েছিলেন যে ঘিগিয়া, ২০১৪ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটি কেমন?

পেলে: ওই ড্রয়ের আগেও দুই-তিনবার তার সঙ্গে আমার দেখা হয়। অবশ্যই ওই ম্যাচ নিয়ে এবং এর প্রতিক্রিয়ায় যা যা হয়েছে, সেসব নিয়ে আমরা কথা বলেছি। তিনি এবং তার সতীর্থদের কেউই ভাবেনি যে, ব্রাজিলকে তারা হারাতে পারবেন। ব্রাজিল ছিল ওই আসরের সেরা দল এবং সবগুলো ম্যাচই তারা জিতেছিল। ঘিগিয়া আমাকে বলেছিলেন, ‘আমাদের জন্য ওই জয়টা ছিল দৈবিক ঘটনা। আমরা যা মোটেও আশা করিনি।’ আর আমরা ব্রাজিলিয়ানরাও তো সেটি আশা করিনি।

আট বছর পর আপনি নিজে বিশ্বকাপ জিতলেন। সেই স্মৃতিটা কেমন?

পেলে: সেটি ছিল আরেক অপ্রত্যাশিত ব্যাপার। সান্তোস ও ভাস্কো দা গামার ফুটবলারদের নিয়ে তৈরি করা এক দলের হয়ে রিওতে এক টুর্নামেন্ট খেলেছিলাম, তখন আমার বয়স ছিল ১৫ বছর। মারাকানায় কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেললাম, এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন, আমাকে বিশ্বকাপ দলে নেওয়ার। আমি সেটি মোটেই আশা করিনি। আমার কাছে যেমন, তেমনি সবার কাছেই এটি চমক হয়ে এসেছিল।

১৯৫৮ সালের প্রথম শিরোপার সঙ্গে ১৯৭০ সালে জেতা শেষ বিশ্বকাপের তুলনাটা আপনি কিভাবে করবেন?

পেলে: আমি সব মিলিয়ে চারটি বিশ্বকাপ খেলেছি এবং সৌভাগ্য এই যে, এর তিনটিই জিতেছি। সবাই আমাকে জিজ্ঞেস করে, ১৭ বছর বয়সে বিশ্বকাপ খেলা কঠিন কিনা। সত্যি কথা বলতে, ওই সময় আমার একটাই চাওয়া ছিল যেন দলে থাকি। এটি ছিল স্বপ্নের মতো ব্যাপার। সেই প্রথম জয়ে আমার কাঁধে বাড়তি কোনো দায়িত্ব ছিল না।

১৯৭০ সালের ব্যাপারটি আলাদা। আমি তখন ফর্মের তুঙ্গে, সামর্থ্যের শীর্ষে। আমাদের দলটি ছিল দুর্দান্ত আর আমি জানতাম যে, এটি আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে প্রথম ও শেষ আসরের অভিজ্ঞতা তুলনা করে বলব, শেষেরটিই ছিল কঠিন। আমাদের দলটি ছিল দারুণ আর সবাই আশা করছিল যে, আমরাই ট্রফি জিতব। এই চাপের কারণে আমি কিছুটা নার্ভাস ছিলাম। লোকে হয়তো ভুলে গেছে, তবে ওই সময়ে ব্রাজিলের রাজনৈতিক অবস্থা খুব ভালো ছিল না। তখন আমাদের মনে হয়েছিল যে, শিরোপাটা জিততেই হবে। প্রথম আসরের সঙ্গে এটি ছিল পার্থক্য। ঈশ্বরকে ধন্যবাদ যে, আমরা জিতেছিলাম।

সময়টা কত দ্রুত চলে গেল, তাই না?

পেলে: সত্যি অবিশ্বাস্য। বিশেষত মিডিয়ার যে উৎকর্ষ হল, তাতে আমি বিস্মিত হই সবচেয়ে বেশি। ১৯৫৮ সালে টেলিভিশন ছিল না, ছিল না নিত্যনতুন প্রযুক্তিও। মনে আছে, বিশ্বকাপ জয়ের পর বাবাকে ফোন করে আমি খবরটা দিতে চেয়েছিলাম। সে কারণে সুইডেনের এক ট্রেন স্টেশনে যেতে হয় আমাদের। সেখান থেকে ফোন করে তাকে বললাম, ‘বাবা, আমরা বিশ্বকাপ জিতেছি।’ উনি বললেন, ‘আমি তা দেখিনি, তবে রেডিওতে শুনেছি।’ এখনকার ফুটবলাররা গোল করে ক্যামেরার দিকে চুমু ছুঁড়ে মারে। আমরা সেটি করতে পারিনি। এই পরিবর্তনটাকে আমার কাছে সবচেয়ে বড় বলে মনে হয়।

১৯৭০ আসরের অনেক ফুটেজ অবশ্য এখন পাওয়া যায়। আপনি কি তা দেখেন?

পেলে: কখনো কখনো দেখি। অনেক ভিডিও পাওয়া যায় তো আর টিভিতেও প্রায়ই দেখায়। একটা কথা আপনাদের বলে রাখি। ওই খেলাগুলো দেখার সময় সতর্ক না থাকলে আমি কেঁদে ফেলি। যখন দেখি ওই সতীর্থ-সমর্থকরা আমাকে ঘিরে উল্লাস করছে, আমি তখন আবেগ ধরে রাখতে পারি না। আমি আসলে বেশ সংবেদনশীল এক মানুষ।

সম্প্রতি আপনি বলেছেন যে, আপনি যেমন ১৯৫০ সালে বাবাকে কাঁদতে দেখেছিলেন, আপনি চান না আপনার সন্তানরা সেই অবস্থায় আপনাকে দেখুক। আপনি কি মনে করেন, এবারও ঘিগিয়ার মতো কেউ ব্রাজিলের স্বপ্ন ছিনিয়ে নিতে পারে? লিওনেল মেসি বা লুইস সুয়ারেসের মতো কেউ?

পেলে: আশা করব, আরেকটি ঘিগিয়া-কাণ্ড এবার ঘটবে না। সবাই আমরা চাই ব্রাজিলের বিশ্বকাপটা যেন ভালো কাটে আর ফাইনালে গিয়ে তারা যেন শিরোপা জেতে। সেটি করতে পারবে বলে এই দলটির উপর আমার বিশ্বাস রাখতেই হচ্ছে। তারপর কে জানে কী হয়! ফুটবল খেলাটিতে আসলে অনেক চমক জমা থাকে। আর সেরা দল সবসময় জেতে না। ১৯৮২ বিশ্বকাপটাই দেখুন না। ব্রাজিলের দলটি ছিল সেরা, কিন্তু আমরা ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিলাম। এবার যে কী হবে, তা নিয়ে আগে থেকে ভাবতে আমি রাজি নই। আমি শুধু ইতিবাচক থাকতে চাই এবং ভাবতে চাই যে, ব্রাজিল বিশ্বকাপ জিতবে। এই বিশ্বাসটাই আমি করতে চাই।