লিসবনে 'জাদুকরী' এক রাত
এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটিকে যেন ঘিরে ছিল জাদুকরী কিছু ব্যাপার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিছিয়ে পড়েও 'লা দেসিমা' জয় করে নেয় রিয়াল মাদ্রিদ। সঙ্গে নতুন করে লেখা হলো কিছু রেকর্ডও।
শনিবার রাতে পর্তুগালের রাজধানী লিসবনে আতলেতিকোর বিপক্ষে ফাইনালের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পেয়েছেন রোনালদো। নিজ দেশের রাজধানীতে পাওয়া এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে নির্ধারিত সময়ে ভিন্ন দুটি জয়ী দলের হয়ে একমাত্র গোলদাতা হয়ে গেছেন তিনি।
এর আগে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চেলসির বিপক্ষে গোল করেছিলেন তিনি। ম্যাচটি টাইব্রেকারে গড়িয়েছিল, সেখানে ইউনাইটেড জিতলেও গোল করতে পারেননি তিনি।
এবার অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন পর্তুগালের অধিনায়ক। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি ১৭-তে নিয়ে গেছেন তিনি।
ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগতার ৫৯ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে একই শহরের দুটি দল খেলল। ‘মাদ্রিদ ডার্বি’ ফুটবল বিশ্বকে হতাশ করেনি।
চরম নাটকীয় ম্যাচটি ২০০৫ সালের পর সবচেয়ে বেশি গোল উপহার দেয়া ফাইনাল। ইস্তানবুলে ২০০৫ সালে এসি মিলান ও লিভারপুলের মধ্যকার ফাইনালটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। টাইব্রেকারে জিতেছিল লিভারপুল।
শুধু কী তাই? ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো দল ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে ৪ গোল পেল। সেবার এসি মিলান বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।
১৯৬৮ সালের পর এবারই প্রথম ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকার পর ফাইনালে অতিরিক্ত সময়ে তিন গোল হলো।
১৯৬৮ এভাবেই ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে হারিয়েছিল বেনফিকাকে।
অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে ট্রফি নিয়ে উদযাপনে পুরো দল।
লিভারপুলের কিংবদন্তি কোচ বব পেইজলির পর তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার কৃতিত্ব দেখালেন রিয়াল কোচ আনচেলত্তি। এসি মিলানের খেলোয়াড় হিসেবেও দুটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন তিনি।
রেকর্ডময় এই ফাইনালে শিরোপা জয়ের পর রাতটাকেও তাই জাদুকরী মনে হচ্ছে আনচেলত্তির।
“এটা বিশেষ এক রাত। বাতাসেই এটা অনুভব করতে পারবেন আপনি।”
