২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ভাগ্যবান ভাবছেন আনচেলত্তি

‘লা দেসিমা’ জয়ের পর রিয়াল খেলোয়াড়দের উদযাপনের পাল্লায় শ্যাম্পেন বৃষ্টিতে জামা-কাপড় ভিজে সারা; এর মধ্যেই কোচ কার্লো আনচেলত্তির মনে হলো, তিনি দারুণ ভাগ্যবান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 02:02 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

লিসবনে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সত্যিই ভাগ্য সহায় হয়েছিল রিয়াল মাদ্রিদের। ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল পরাজয় থেকে কয়েক সেকেন্ডই মাত্র দূরে ছিল। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে স্যার্হিও রামোসের দারুণ এক হেডে সমতায় ফেরে রিয়াল।

এর পর অতিরিক্ত সময়ে গ্যারেথ বেল, মার্সেলো ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে খেলা শেষ করে রিয়াল। ১২ বছরের অপেক্ষা শেষে জেতা হলো ক্লাব পর্যায়ে ইউরোপের সবচেয়ে বড় শিরোপা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ হিসেবে তৃতীয়বারের মতো শিরোপা জেতার আনন্দের কথাই সাংবাদিকদের জানাচ্ছিলেন আনচেলত্তি। তখনই হানা রিয়ালের একদল খেলোয়াড়ের। গান গাইতে গাইতে কোচকে তারা ভিজিয়ে দিল বিজয় উদযাপনের পানীয়তে।

খেলোয়াড়রা উদযাপন করতে করতেই ড্রেসিংরুমে ফিরলে আনচেলত্তি বললেন, “আমি শুধু এই ম্যাচটির কারণেই ভাগ্যবান নই। ক্লাবও আমার ওপর অনেক বিশ্বাস রেখেছে।”

৫ মিনিট যোগ করা সময়, শেষ মুহূর্তের গোলে সমতা; এসব মিলিয়ে আনচেলত্তি আর রিয়াল মাদ্রিদকে ভাগ্যবান বলছেন অনেকেই। তবে রিয়াল মাদ্রিদ কোচ শুধু ভাগ্যকেই কৃতিত্ব দিচ্ছেন না।

“আপনারা বলতে পারেন, আমি ভাগ্যবান মানুষ। কিন্তু এটাও বলতে হবে যে, আমরা কখনোই আশা ছেড়ে দেইনি। ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত সব রকমের চেষ্টা করে গেছি।”

৩৬তম মিনিটে দিয়েগো গদিনের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। এর আগে এবং পরে, প্রথমার্ধে একটু নিষ্প্রভ হয়েই ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো এক জিয়ন কাঠির ছোঁয়ায় বদলে যায় তারা। বিরতির সময় দলকে কোন মন্ত্রে উজ্জীবিত করেছিলেন আনচেলত্তি?

বিরতির সময় আনচেলত্তি দলকে বলেছেন, খেলার গতি বাড়াতে, আর নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে চালিয়ে যাওয়া কাজটিই ঠিকঠাক ভাবে করার পরামর্শ দেয়ার কথা জানান ইতালির এই কোচ।

“সমতা আনাই বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল। আমরা একদমই জায়গা পাচ্ছিলাম না এবং আতলেতিকোও ভালোভাবে রক্ষণভাগ সামলেছে।...সমতাসূচক গোল পেলাম এবং ম্যাচটা একেবারেই বদলে গেল। কারণ গোলটি আমাদের নতুন শক্তি জুগিয়েছে।”

লিভারপুলের কিংবদন্তি কোচ বব পেইজলির পর তিনটি ইউরোপিয়ান কাপ জেতা কোচ আনচেলত্তি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে।

এসি মিলানের হয়ে খেলোয়াড় হিসেবে দুটি ইউরোপিয়ান কাপ জেতা আনচেলত্তি আতলেতিকো মাদ্রিদের প্রশংসা করলেও এগিয়ে রাখছেন নিজের দল রিয়াল মাদ্রিদকেই।

“ফাইনাল খেলাটা তাদের প্রাপ্য ছিল, তবে আমার মনে হয়, জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।”