২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ তবে ব্যথিত নন সিমেওনে

চেষ্টার কমতি রাখেননি আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই থেকে গেল। এ নিয়ে কোচ সিমেওনে কিছুটা হতাশ হলেও ব্যথিত নন মোটেও। দুর্দান্ত এক মৌসুম কাটানো আতলেতিকোর খেলোয়াড়দের দশে সাড়ে নয় নম্বর দিয়েছেন আর্জেন্টিনার এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 12:17 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

রূপকথার শেষ অধ্যায়টি স্বপ্নের মতো হলো না আতলেতিকোর। শনিবার রাতে লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হারতে হয়েছে তাদের। এটুকুর জন্যই সিমেওনে শিষ্যদের আধা নম্বর কম দিয়েছেন।

“দশের মধ্যে সাড়ে নয়। আমরা এই আধা পয়েন্ট হারিয়েছি।”

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটার ঝিলিক চোখে এসে লাগছিল আতলেতিকোর। নির্ধারিত ৯০ মিনিটের শেষ মুহূর্ত পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে স্যার্হিও রামোসের দারুণ এক হেডে সমতায় ফেরে রিয়াল। আর অতিরিক্ত সময়ে নগর প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেনি আতলেতিকো।

ধরা দিতে দিতেও স্বপ্নটা চোখের আড়াল হয়ে যাওয়ায় তাই হতাশ আতলেতিকোর কোচ।

“লক্ষ্যে পৌছাতে না পারাটা কষ্টের একটা অনুভূতি। আমি হতাশ, তবে শান্তই আছি। সর্বস্ব উজাড় করে দেয়ার পর আপনার আর কিছু করার থাকে না।”

প্রথমার্ধে পিছিয়ে পড়া রিয়াল দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলেছে বলে মনে করেন সিমেওনে। পুরো দ্বিতীয়ার্ধে আতলেতিকোকে কোণঠাসা করে রেখেছে রিয়াল। ম্যাচের বাকি অংশে এ থেকে আর বেরোতে পারেনি স্পেনের লা লিগা চ্যাম্পিয়নরা।

তবে লিসবনের স্টেডিয়াম অব লাইটসে হেরে গিয়েও দর্শক-সমর্থকদের তালি আর প্রশংসা পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এ বিষয়টি সিমেওনেকে আরেকবার মনে করিয়ে দিয়েছে, ফুটবলে শুধু জয়ই মুখ্য নয়। এ কারণেই হার নিয়ে আক্ষেপ করার কিছু নেই বলে মনে করেন আতলেতিকোকে বদলে দেয়া এই কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে গেলেও এ মৌসুমে আতলেতিকো যে ফুটবল উপহার দিয়েছে, তা ক্লাবটির জন্য ভবিষ্যতে এগিয়ে চলার পাথেয় হবে বলেই বিশ্বাস সিমেওনের।

“এটা জীবনের জন্য একটা শিক্ষা। আপনি জিতবেন, আবার হারবেন; কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি হারতে পারেন, কিন্তু এটাকে আরও বেড়ে ওঠার জন্য ব্যবহার করতে পারেন।”

আতলেতিকো সমর্থকদের তাই দলের জন্য গর্বিত থাকা উচিত বলেই মনে করেন সিমেওনে।