আনচেলত্তির কৌশলের জয়, সিমেওনের ভুলের মাশুল
আতলেতিকো মাদ্রিদের রূপকথা থামিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বহু কাঙ্খিত ‘লা দেসিমা’ জিতল রিয়াল মাদ্রিদ। সময়মতো আক্রমণে যাওয়ার কার্লো আনচেলত্তির কৌশলের কল্যাণেই এটা সম্ভব হয়েছে। আর এ মৌসুমে আতলেতিকোকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া সিমেওনে মার খেয়েছেন কৌশলে। অপ্রস্তুত কস্তাকে মাঠে নামানোর জন্য কিন্তু ভুলও স্বীকার করেছেন তিনি।
কাঙ্খিত 'লা দেসিমা' হাতে পেল রিয়াল মাদ্রিদ
প্রথমার্ধের শুরু থেকে বড় একটা সময় পর্যন্ত অবশ্য আতলেতিকোর কাছে পাত্তা পায়নি রিয়াল। ম্যাচের ৩৬তম মিনিটেই রিয়ালকে পেছনে ফেলে আতলেতিকো। রিয়াল অধিনায়ক স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ভুল করে সামনে এগিয়ে এসে বল বিপদমুক্ত করতে গিয়েই দলকে বিপদে ফেলেন।
এই পিছিয়ে পড়ার প্রতিক্রিয়া আনচেলত্তি দেখাতে শুরু করেন নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আধা ঘণ্টা আগে থেকে। খেদিরা আর ফ্যাবিও কোয়েন্ত্রাওকে মাঠ থেকে তুলে নেন তিনি। তাদের দুজনের জায়গায় নামান একটু বেশি আক্রমণাত্মক মনোভাবের ইসকো ও মার্সেলোকে।
ম্যাচের ছন্দটাও এতেই পরিবর্তন হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ বিরতিহীনভাবে আতলেতিকোর রক্ষণে আক্রমণ রচনা করে যেতে থাকে।
একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল রিয়ালের মাদ্রিদের আক্রমণের এই তোড় সামলে গোলটা ধরে রাখতে পারবে আতলেতিকো। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের যোগ করা সময়ে স্যার্হিও রামোসের দুর্দান্ত এক হেডে সমতায় ফেরে রিয়াল।
আকস্মিক এই গোলে আতলেতিকোর খেলোয়াড়রা হতবিহবল হয়ে পড়ে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর পর উৎসবের আয়োজন করতে থাকা আতলেতিকোর সমর্থকরাও হঠাৎই নিশ্চুপ হয়ে যায়।
আতলেতিকো কোচ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকা দিয়েগো কস্তাকে শুরুর একাদশে রেখেছিলেন। কিন্তু শুরু থেকেই অস্বস্তি অনুভব করা স্পেনের এই স্ট্রাইকার ৯ মিনিটের বেশি খেলতে পারেননি।
কোচ কার্লো আনচেলত্তিকে মাথায় তুলে ধরলো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
তিনটি বদলির প্রথমটি ৯ মিনিটেই করতে হয় আতলেতিকো কোচকে। কস্তার পরিবর্তে মাঠে নামেন আদ্রিয়ান লোপেস।
অতিরিক্ত সময় শুরু হতেই বেশিরভাগ আতলেতিকো খেলোয়াড়দের অবস্থাই ছিল সঙ্গীন। আর রিয়াল মাদ্রিদ তখন নতুন উদ্যম নিয়ে খেলছে। বিশেষ করে, মার্সেলো ও আনহেল ডি মারিয়ার বাঁ দিক থেকে এবং রোনালদো ও বেলের ডান দিক থেকে আক্রমণ শানায়।
এই সময়টায় এসে আতলেতিকো আক্রমণে যাওয়ার কোনো পথই খোলা ছিল না। তারা শুধু রক্ষণে নিজেদের ধরে রাখছিল। আর আশা করছিল টাইব্রেকারের। তাই বেল যখন ১১০তম মিনিটে ব্যবধান ২-১ করেন, তখনই মনে হচ্ছিল রিয়ালই জিততে চলেছে।
শেষ দিকে মার্সেলোর ছন্দময় গোল আর রোনালদোর পেনাল্টি গোলের আগেই তাই আতলেতিকোর পরাজয়টা অবধারিত হয়ে পড়ে।
