২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কস্তাকে খেলানো নিয়ে সিমেওনের ভুল স্বীকার

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দিয়েগো কস্তাকে খেলানো ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। চোটে ভুগতে থাকা কস্তা শুরুর একাদশে থাকলেও ৯ মিনিটের বেশি খেলতে পারেননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 02:06 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে আতলেতিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেছে।

দলটির সবচেয়ে বড় ভরসা এ মৌসুমে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ গোল করা স্পেনের স্ট্রাইকার কস্তা চোটে ভুগছিলেন। তবু তাকে শুরুর একাদশে রেখেছিলেন সিমেওনে। ম্যাচ শেষে এ ব্যাপারে কথা বলতেই হলো আতলেতিকো কোচকে।

“এতে কোনো সন্দেহ নেই যে, কস্তাকে খেলানোর পুরো দায়ই আমার। আমি একটি ভুলই করেছি।”

বার্সেলোনার বিপক্ষে স্পেনের লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচে পায়ের পেশিতে চোট পাওয়া কস্তা শুরু থেকেই অস্বস্তি নিয়ে খেলছিলেন। ৯ মিনিট পর তার পরিবর্তে আদ্রিয়ান লোপেসকে মাঠে নামান কোচ।

এমন একটি ম্যাচে ভুলটা দ্রুতই শুধরাতে চেয়েছেন সিমেওনে। তাই সময় সময় নষ্ট না করে দ্রুতই কস্তাকে মাঠ থেকে তুলে নিয়েছেন বলে জানান আর্জেন্টিনার এই কোচ।

ব্রাজিলে জন্ম নেয়া এবং ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা কস্তা এখন স্পেনের জাতীয় দলের খেলোয়াড়। ভিসেন্তে দেল বস্কের বিশ্বকাপ দলে জায়গাও পেয়েছেন তিনি। এই চোটের কারণে না আবার বিশ্বকাপের স্বপ্নই ভেস্তে যায় তার। সিমেওনে অবশ্য এ ব্যাপারে এখনো নিশ্চিত নন।

“আমি জানি না বিশ্বকাপে খেলতে ওর কোনো সমস্যা হবে কিনা। আমাদের ওর এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। এর পর দেখি কি হয়।”