২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইন ওপেনে পেছালেন সিদ্দিকুর

আইসিটিএসআই ফিলিপাইন ওপেনে আরো পিছিয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৪ শট বেশি খেলে যৌথভাবে অষ্টম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 08:19 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

ফিলিপাইনে দ্বিতীয় রাউন্ড শেষে তৃতীয় সিদ্দিকুর

প্রথম রাউন্ডে দারুণ খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ছন্দ হারিয়ে ফেলেন তিনি। প্রথম রাউন্ডে যেখানে পারের চেয়ে ৬ শট কম খেলেছিলেন সেখানে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলে তৃতীয় স্থানে নেমে যান গতবছর দিল্লি ওপেন জেতা সিদ্দিকুর।

আর শনিবার তৃতীয় রাউন্ডে রীতিমত হতাশ করেছেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।

দুটি করে ‘ডাবল বোগি’ (কোনো হোলে পারের চেয়ে ২ শট বেশি খেলা) ও ‘বোগি’ (১ শট বেশি খেলা) করেন তিনি। সঙ্গে ‘বার্ডি’ (পারের চেয়ে ১ শট কম খেলা) করেছেন মাত্র দুটিতে।

ম্যানিলার ওয়াক ওয়াক গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের এই প্রতিযোগিতায় খেলছেন বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন। পারের চেয়ে মোট ১০ শট বেশি খেলে ৬২তম স্থানে আছেন তিনি।

৩ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৫ শট কম খেলে শীর্ষে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের চান কিম।

দ্বিতীয় রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্স করার পরও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ছিলেন সিদ্দিকুর। কিন্তু তৃতীয় রাউন্ডেও খারাপ করায় বেশ হতাশ দুবার এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর।

“আমি কিছুটা দুর্ভাগা ছিলাম। ১৩তম হোলে আমার বল বাঙ্কারে আটকে যায়। আর ১৮তম হোলের টি শট গাছে লেগে জঙ্গলে পড়ে।”

তবে আরেকটা দিন বাকি থাকায় এখনও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সিদ্দিকুর।

“আগামীকাল যেকোনো কিছুই হতে পারে। আশা করি, শেষ রাউন্ডটি আমার সেরা রাউন্ড হবে।”