২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাস্সুয়োলোকে হারিয়ে শিরোপার আরো কাছে জুভেন্টাস

পিছিয়ে পড়েও সেরি ‘আ’র খেলায় সাস্সুয়োলোকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। সোমবারের এই জয়ে হ্যাটট্রিক শিরোপার আরো কাছে পৌঁছেছে ইতালির সবচেয়ে সফল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 02:42 AM

Updated : 25 Apr 2022, 04:07 PM

৩৫ খেলায় ৯৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে জুভেন্টাস। সমান খেলায় ৮৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রোমা।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা জয় অনেকটাই নিশ্চিত জুভেন্টাসের। শেষ তিন খেলায় দুই পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।

অবনমনের শঙ্কায় থাকা সাস্সুয়োলো নিজেদের মাঠে প্রথমার্ধে সমান তালে লড়েছে জুভেন্টাসের সঙ্গে।

নবম মিনিটেই অতিথিদের হতাশ করে গতবারের সেরি ‘বি’ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সিমোন জাজা। তবে এই গোলে জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফফনের দায়ও কম নয়।

সমতা ফেরানোর দুটি প্রচেষ্টা অল্পের জন্য ব্যর্থ হলেও ৩৫তম মিনিটে আর পেছনে তাকাতে হয়নি জুভেন্টাসকে। ক্লাডিও মার্চিশিওর পাস থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি কার্লোস তেভেস।

বিরতির মিনিট পাঁচেক আগে দলকে আবার এগিয়ে নেয়ার সুযোগ এসেছিল জাজার সামনে। কিন্তু এবার তাকে হতাশ করেন বুফফন।

দ্বিতীয়ার্ধে আর জুভেন্টাসের সঙ্গে পেরে ওঠেনি ২৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকা সাস্সুয়োলো।

৫৮তম তম মিনিটে মার্চিশিওর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলে জুভেন্টাস। ফল পেতেও দেরি হয়নি, ৭৬ মিনিটে ফার্নান্দো লরেন্তের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয়ে যায় অতিথি দলটির।