২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ড কাপ

আগামী সেপ্টেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 04:35 PM

Updated : 13 Oct 2022, 11:56 AM

রোববার সকালে রাজধানীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সালাউদ্দিন জানান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন হবে। তবে কারা খেলবে তা এখনও ঠিক হয়নি। অবশ্য বাফুফে বেশ কয়েকটি দেশকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়ে রেখেছে।

এই টুর্নামেন্ট আয়োজনের জন্য পৃষ্ঠপোষক হিসেবে বাফুফে পেয়েছে কুয়েতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ট্রেড হোল্ডিংস কোম্পানি (আইটিএইচসি)।

আইটিএইচসির চেয়ারম্যান ড. হামাদ আউতুওয়াজরি সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেবে তার প্রতিষ্ঠান।

শনিবার রাতে ব্যক্তিগত বিমানে করে একটি বিশেষ প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন হামাদ। অবশ্য টুর্নামেন্টটির জন্য তারা কতো টাকা দেবে তা তিনি জানাননি।

আইটিএইচসির চেয়ারম্যান বলেন, “ফুটবলের মাধ্যমে দু’দেশের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। তাই এই টুর্নামেন্টে স্পন্সর করতে এগিয়ে এসেছি আমরা। আশা করছি, এর মাধ্যমে সম্পর্কটা আরও দৃঢ় হবে। শুধু বঙ্গবন্ধু গোল্ড কাপেই নয়, ভবিষ্যতেও বাফুফের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে চাই আমরা।”

হামাদ জানান, মধ্যপ্রাচ্যে তার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১৪ হাজার বাংলাদেশী কর্মী রয়েছেন।

একটা বিদেশি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য পৃষ্ঠপোষক হিসেবে পেয়ে বাফুফে সভাপতি খুশি।

“বাংলাদেশের মতো একটা দেশের আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য কুয়েতের প্রতিষ্ঠানটি এগিয়ে আসায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল কিছুটা হলেও উপকৃত হবে। ভবিষ্যতেও তারা এই ধারা অব্যহত রাখবে বলে আমার বিশ্বাস।”

গত প্রায় দু’বছর ধরেই এই টুর্নামেন্ট আয়োজনের জন্য চেষ্টা করছিল বাফুফে। কিন্তু অর্থের অভাবে বারবার পিছিয়ে যেতে হয় তাদের।

এর আগে কাতার, কুয়েত, থাইল্যান্ড, বাহরাইন, মালয়েশিয়া, ইয়েমেন, ভারত, পাকিস্তান ও নেপালকে এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার এর সঙ্গে নতুন কিছু দলও যুক্ত হতে পারে। অবশ্য আমন্ত্রণ দলগুলো থেকে ৭টি এবং বাংলাদেশ সহ ৮টি দল নিয়ে এই টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনা বাফুফের।

সালাউদ্দিন জানান, এখন নতুন করে আবার এই দেশগুলোকে আমন্ত্রন জানানো হবে। এদের মধ্য থেকে আটটি দল নিয়েই টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা রয়েছে।