ফুটবল দলে ৪ নতুন মুখ
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের বাংলাদেশ দলে নতুন মুখ চার জন। শনিবার এ ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ।
ক্রুইফের দলে চার নতুন মুখ ব্রাদার্সের ফরোয়ার্ড রুবেল মিয়া, মোহামেডানের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, বিজেএমসির স্ট্রাইকার আমিনুর রহমান সজীব ও শেখ জামালের ডিফেন্ডার দিদারুল হক।
দলে তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করার সময় দলে তরুণ খেলোয়াড়দের আধিক্যের বিষয়ে ব্যাখ্যা দেন কোচ।
বাফুফে সভাপতি ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়ার কথা বলেছেন। এই কারণেই দলে তরুণদের বেশি সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাচ কোচ।
গত সাফ ফুটবলে শেষ মুহূর্তের গোলে ভারতের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। প্রীতি ম্যাচ হলেও এবার তার প্রতিশোধ নেয়ার কথা ভাবছেন বাংলাদেশ কোচ।
কদিন আগেই কলকাতায় আইএফএ শিল্ড খেলে এসেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফাইনালে টাইব্রেকারে হেরে এলেও কলকাতায় শেখ জামালের ভালো ফুটবল খেলে আসা বাংলাদেশ দলকে উজ্জীবিত করবে বলেই মনে করেন শেখ জামাল ও বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম।
৫ মার্চ গোয়ায় ভারতের বিপক্ষে প্রীতি এই ম্যাচ খেলতে রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
২১ সদস্যের দল: বিপ্লব ভট্টাচার্য, শহীদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, রায়হান হাসান, মোহাম্মদ লিঙ্কন, তপু বর্মন, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, রুবেল মিয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, তকলিস আহমেদ, জাহিদ হাসান এমিলি, জামাল ভূঁইয়া, আমিনুর রহমান সজীব, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মিঠুন চৌধুরী, দিদারুল হক ও তৌহিদুল আলম।
