২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

আরো একবার রাফায়েল নাদালের কাছে পরাস্ত রজার ফেদেরার। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমি-ফাইনালে দুই ‘মহাতারকা’র লড়াইয়ের ফলাফল ৭-৬ (৭/৪), ৬-৩, ৬-৩।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

তাই মেলবোর্ন পার্কে ‘অল সুইস’ ফাইনাল হচ্ছে না। ফাইনালে নাদালের প্রতিপক্ষ ফেদেরারের স্বদেশ সুইজারল্যান্ডের অষ্টম বাছাই স্তানিস্লাস ভাভরিঙ্কা।টাইব্রেকারে গড়ানো প্রথম সেটে ভালোই লড়াই করেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। তবে ৫৯ মিনিটে প্রথম সেট জিতে নেয়ার পর নাদালকে তেমন কষ্ট করতে হয়নি।বাঁ হাতের ব্যথা অগ্রাহ্য করে, বেশ সহজেই পরের দুই সেট জিতে নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার আনন্দে মেতে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। সব মিলিয়ে ম্যাচের স্থায়িত্ব ছিল ২ ঘণ্টা ২৪ মিনিট।টেনিস-জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফেদেরারের বিপক্ষে ৩৩ ম্যাচে নাদালের এটা ২৩তম জয়। আর গ্র্যান্ড স্লামে ১১ বারের দেখায় নবমবার জিতলেন স্প্যানিশ তারকা।ম্যাচটাকে দু’ভাগে দেখলে ফেদেরারের পারফরম্যান্সের দুটি ভিন্ন চিত্র পাওয়া যাবে। প্রথম সেটে দুর্দান্ত খেলা ফেদেরার পুরো ম্যাচে ৮টি ‘এইস’ মেরেছেন। অথচ নাদালের ‘এইস’ মাত্র তিনটি।অথচ ‘আনফোর্সড এরর্স’-এর ক্ষেত্রে চিত্রটা ঠিক উল্টো। নাদালের ২৫টির বিপরীতে ফেদেরার করেছেন দ্বিগুণ।প্রথম সেটে কেউ কারো সার্ভিস ‘ব্রেক’ করতে পারেননি। নাদাল ম্যাচে প্রথম সার্ভিস ‘ব্রেক’ করেন দ্বিতীয় সেটের ষষ্ঠ গেমে।এরপর আর তেমন লড়াই করতে পারেননি ৩২ বছর বয়সী ফেদেরার। তৃতীয় সেটের তৃতীয় গেমে নাদাল আবার সার্ভিস ‘ব্রেক’ করে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও পরের গেমেই ‘ব্রেক’ করে ২-২ সমতা নিয়ে আসেন ফেদেরার। কিন্তু হার এড়াতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনে চারবারের চ্যাম্পিয়ন।নাদালের কাছে ফেদেরারের এটা টানা পঞ্চম হার। আর গ্র্যান্ড স্লামে টানা ষষ্ঠ।ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড আটটি শিরোপা জয়ী নাদাল উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছেন দু’বার করে। তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে তার সাফল্য সবচেয়ে কম। ২০০৯ সালে একবারই মেলবোর্নে শিরোপা জয়ের আনন্দে ভেসে যেতে পেরেছেন নাদাল। গতবার তো চোটের কারণে খেলতেই পারেননি।এবার তাই ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত নাদাল। খেলা শেষে তিনি বলেন, “আমার মনে হয় আজ টুর্নামেন্টের সেরা ম্যাচটা আমি খেলেছি। আমি খুব খুশি।”“গত বছর এখানে খেলতে পারিনি। রড লেভার অ্যারেনায় ফিরে আসতে পারা আমার জন্য সত্যিই আবেগের।”চতুদর্শ গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে একধাপ দূরে দাঁড়িয়ে থাকা ২৭ বছর বয়সী নাদাল আরো বলেন, “আমি কখনো কল্পনাও করতে পারিনি যে একদিন ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতবো। আমি শুধু একটা শপথই নিতে পারি। (ফাইনালে) নিজের সর্বোচ্চ চেষ্টা করবো।”অন্যদিকে আবার নাদালের কাছে বিধ্বস্ত হয়ে ফেদেরার ভীষণ হতাশ। তিনি বলেন, “সরাসরি সেটে হেরে যাওয়া মোটেও ভালো কথা নয়। আজ রাতে আমি জিততে পারলে অল-সুইস ফাইনাল হতো। দীর্ঘ দিন এই আক্ষেপ থাকবে আমার।”অবশ্য আরেকবার নাদালের মুখোমুখি হতে পেরে আনন্দিত ফেদেরার। তিনি বলেন, “তার বিপক্ষে খেলা আমি উপভোগ করি। কারণ এমন ম্যাচে খেলতে নামা মানেই একটা দারুণ গল্পের জন্ম দেয়া।”“এমন ম্যাচের জন্য সবাই কঠোর পরিশ্রম করে। এমন ম্যাচই সবাই খেলতে চায়।”