ইপিএলে বিদেশি কোচের বিপক্ষে মরিনিয়ো
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজে বিদেশি হয়েও ক্লাবগুলোতে দেশি কোচ নিয়োগের পক্ষে কথা বললেন চেলসির কোচ জোসে মরিনিয়ো।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের মধ্যে নয়টিতেই আছেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের বাইরের কোচ, যা চেলসির কোচ মরিনিয়োর মতে মোটেও স্বাভাবিক নয়।
ব্রিটিশ কোচদের প্রাধান্য দেয়া উচিত বলেই মনে করেন পর্তুগালের মরিনিয়ো।
এ প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যমে মরিনিয়ো বলেন, “এই মুহূর্তে প্রিমিয়ার লিগে অনেক বেশি বিদেশি কোচ থাকার ব্যাপারটাতে আমার মত নেই। হ্যাঁ, এক্ষেত্রে আমি আমার নিজের বিপক্ষে কথা বলছি।”
এ সপ্তাহে কার্ডিফ সিটির নতুন কোচ হিসেবে নরওয়ের ওলে গানারের নাম ঘোষণার পর ইপিএলে বিদেশি কোচের আধিক্যের বিষয়টা সামনে উঠে আসে। ১৯৯২ সালে ইপিএলের শুরুতে কোনো দলের কোচই বিদেশি ছিলেন না।
