২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে আসছে ফুটবল বিশ্বকাপ ট্রফি

বিশ্বভ্রমণে থাকা ফুটবল বিশ্বকাপের ট্রফি ঢাকায় আসছে আগামী ডিসেম্বরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:47 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

২৬৭ দিনে ৮৯টি দেশ ঘুরে ব্রাজিলে ফেরার আগে বাংলাদেশে থাকবে তিন দিন, ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। ২০১৪ সালের ১৩ জুলাইয়ের ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে উঠবে খাটি সোনার এই ট্রফি।

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) 'অফিসিয়াল পার্টনার' কোকাকোলা বিশ্বকাপের প্রচরের অংশ হিসেবে ঢাকায় আনছে ট্রফিটি।

সোমবার রাজধানীর এক হোটেলে কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, "বিশ্বজুড়ে ফুটবল খেলার প্রতি ভক্তদের যে উৎসাহ তা সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আনার উদ্যোগ নিয়েছি।"

অবশ্য এই তিনদিনে ট্রফি নিয়ে কি কি অনুষ্ঠান থাকবে তা এদিন প্রকাশ করেনি কোকাকোলা কর্মকর্তারা। এ ব্যাপারে দেবাশীষ বলেন, “সবকিছু ঠিক করে ট্রফি আসার আগে আমরা আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। আশা করছি ভালো কিছু অনুষ্ঠানের আয়োজন করতে পারবো আমরা।”

এর আগে জিলেটের সৌজন্যে ২০০২ সালের এপ্রিলে বাংলাদেশে প্রথমবার বিশ্বকাপ ট্রফি আসে। সেবার অবশ্য ঢাকায় এসেছিল মূল ট্রফির 'রেপ্লিকা'। এবার মূল ট্রফিই আসছে বলে জানালেন কোকাকোলা কর্মকর্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসবে, এটা ভেবে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজেদের মাটিতে ট্রফিটি দেখতে পারবে, যা ফুটবল খেলার প্রতি তাদের আরও বেশি উৎসাহিত করে তুলবে।”

গত ১২ সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে ফিফা বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক ভ্রমণ উদ্বোধন করা হয়।