ভারতের বিপক্ষে 'শেষ সুযোগ'
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচটিকে টিকে থাকার 'শেষ সুযোগ' হিসেবে দেখছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের সঙ্গে বাজে ভাবে হারার স্মৃতি ভোলার চেষ্টা করে এ ম্যাচে সাফল্য পেতে মরিয়া কোচ লোডভিক ডি ক্রুইফ।
মঙ্গলবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। কাঠমান্ডুর আর্মি মাঠে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪ টায় শুরু হবে দুই দলের লড়াই।
আগের দিন বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ সাংবাদিকদের বলেন, “ভারতের সঙ্গে যে করেই হোক আমাদের জিততে হবে। এই ম্যাচটি আমাদের জন্য শেষ সুযোগ। অবশ্য জয়টা অনায়াসে আসবে না। এ জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে।”
প্রথম ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে অনেকখানি পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই সেমিফাইনালে খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।
সাফ ফুটবলে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হওয়া ভারতের এই দল সম্পর্কে কোচের মূল্যায়ন, "ভারত বেশ ভারসাম্যপূর্ন দল। তারা প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে খুব একটা ভালো খেলতে পারেনি। তবে তাদের কয়েকজন ভালো মানের ফুটবলার আছে।”
বাংলাদেশ কোচের দুশ্চিন্তা তাই চোট সমস্যা নিয়ে, “অধিনয়াক মামুনুল ইসলাম আমাদের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। সে এখনও সেরে ওঠেনি, তাই আমরা নিশ্চিত নই কাল (মঙ্গলবার) তাকে খেলানো যাবে কিনা। তবে মিডফিল্ডার সোহেল রানা কিছুটা সেরে উঠেছে, তাকে খেলানো যেতে পারে।”
প্রতিপক্ষ ভারত সম্পর্কে ডি ক্রুইফ বলেন, “আসলে আমরা নিজেদের খেলার প্রতিই বেশি মনোযোগী হচ্ছি। প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছি না। কারণ আমাদের প্রয়োজন ৩ পয়েন্ট, তা কিভাবে পেতে পারি তা নিয়ে সব পরিকল্পনা আমাদের।”
ভারতের বিপক্ষে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তায় থাকা অধিনায়ক মামুনুল ইসলাম অবশ্য জয়ের ব্যাপারে আশবাদী।
“পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচটি দেখে আমার মনে হয়েছে ভারতকে হারানো সম্ভব। তাই সবকিছু ঠিকভাবে হলে আশা করি আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। জয় পাওয়ার মতো ক্ষমতা আমাদের আছেও।”
“তবে মেহতাব হোসাইন, রহিম নবী ও সুনীল ছেত্রীর মতো ভালো মানের কয়েকজন ফুটবলার রয়েছে ভারতের। তাদের আটকানো সম্ভব না হলে আমাদের জয় পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আমাদের কৌশল হবে নিজেদের ভালো খেলার পাশাপাশি প্রতিপক্ষকে খেলতে না দেয়া”, যোগ করেন দেশসেরা মিডফিল্ডার।
ভারতের ডাচ কোচ ভিম কুভারমান্স বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন। তিনি বলেন, “আগের ম্যাচে নেপালের কাছে হেরে বাংলাদেশ এখন ক্ষুধার্ত বাঘের মতো রয়েছে। তারা চাইবে আমাদের উপর ঝাপিয়ে পড়তে। তাই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।”
“তাছাড়া বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষও বটে। হয়তো প্রথম ম্যাচে তারা খুব একটা ভালো খেলতে পারেনি। দ্বিতীয় ম্যাচে তেমনটা হবে বলে আমার মনে হচ্ছে না”, বাংলাদেশ দল সম্পর্কে মূল্যায়ন তার।
তবে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হতে পারেন ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী। অবশ্য প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অনেকটা নিষ্প্রভ ছিলেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে ৪০ গোল করা ভারতের এই স্ট্রাইকারের সামনে এখন রেকডের হাতছানি। আর ৩ গোল করলেই বাইচুং ভুটিয়ার সর্বোচ্চ ৪২ গোলের রেকর্ড টপকে যাবেন তিনি। এ ব্যাপারে সুনীল বলেন, “আসলে রেকর্ড নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমার কাছে বড় ব্যাপার হচ্ছে সাফ শিরোপা। তা নিয়েই ভাবছি আমি।”
