কষ্টের জয়ে শুরু ভারতের
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে অতি কষ্টে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
রোববার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বিজয়ী দলের একমাত্র গোলটি ছিল আত্মঘাতী।
১৪ মিনিটে ভারতের মিডফিল্ডার মেহতাব হোসেনের ক্রস পাকিস্তানের ডিফেন্ডার সামার ইসহাকের পায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায়।
পাকিস্তানের দুর্ভাগ্য, ২০ মিনিট পর একটুর জন্য সমতায় ফিরতে পারেনি। মিডফিল্ডার মোহাম্মদ আদিলের ক্রস থেকে স্ট্রাইকার হাসান বশিরের চমৎকার শট সাইড বারে লেগে ফিরে আসে।
৪৪ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয় পাকিস্তানের। মোহাম্মদ রিয়াজের ক্রস থেকে কলিম উল্লাহর প্লেসিং শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক সুব্রত পাল।
৬০ মিনিটে আবার পাকিস্তানের জন্য হতাশা। আদিলের পাস থেকে রিয়াজের দুর্বল শট লক্ষ্যে পৌঁছায়নি।
তাই পুরো ম্যাচে দারুণ খেলেও পাকিস্তানকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
ভারতের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রী ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। খেলার শেষ দিকে গোল করার উদ্যোগ নিলেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের দৃঢ়তায় তিনি সাফল্য পাননি।
খেলা শেষে হারের জন্য স্ট্রাইকারদের দায়ী করে পাকিস্তানের কোচ শেহজাদ আনোয়ার বলেন, “এই ম্যাচে আমরা জয় পেতে পারতাম। কিন্তু স্ট্রাইকাররা অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। এ সব ব্যর্থতা ছিল অমার্জনীয়। এতো সুযোগ নষ্ট করলে হারতে তো হবেই।”
জিতলেও ভারতের ডাচ কোচ ভিম কুভারমান্স তার দলের খেলায় সন্তুষ্ট নন। তিনি বলেন, “ছেলেরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। এভাবে খেললে আগামীতে জয় পাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে।”
