২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচেই বাংলাদেশের হার

দশম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই বাংলাদেশ হারের বেদনায় নীল। শনিবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের কাছে বাংলাদেশ ২-০ গোলে হেরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 08:50 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বিজয়ী দলের দুই গোলদাতা অনিল গুরুং ও ভরত খাওয়াজ।

গত মার্চে এই মাঠেই নেপালকে একই ব্যবধানে হারিয়ে চ্যালেঞ্জ কাপ থেকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। শনিবার সেই হারের প্রতিশোধ নিয়েছে স্বাগতিক দল।

১৯ মিনিটে অনিল গুরুংয়ের হেড পিছিয়ে দেয় বাংলাদেশকে। মাঝমাঠ থেকে মিডফিল্ডার ভোলানাথের ক্রসে আলতো হেডে লক্ষ্যভেদ করেন নেপালের অন্যতম সেরা স্ট্রাইকার (১-০)।

ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কন পাশে দাঁড়িয়ে থাকলেও অনিলকে আটকাতে পারেননি। দারুণ দক্ষতায় গোলরক্ষক মামুন খানের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।

পিছিয়ে পড়া বাংলাদেশ সমতা নিয়ে আসার সুযোগ পাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। ৩১ মিনিটে সন্দীপ রাইয়ের কর্নার থেকে আলতো টোকায় দ্বিতীয় গোলটি করেন আরেক স্ট্রাইকার খাওয়াজ। বাংলাদেশের দুই ডিফেন্ডার এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

পুরো ম্যাচে বাংলাদেশ বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। মাঝমাঠে প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া কিছুটা কার‌্যকর ছিলেন।

কিন্তু ফরোয়ার্ড জাহিদ হোসেন ভালো খেলতে পারেননি। বেশিরভাগ সময় উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করেছেন তিনি। ৫৫ মিনিটের সময় কোচ তাকে তুলেও নিয়েছেন।

জাহিদের বদলে নামা আরেক ফরোয়ার্ড মোবারক হোসেন কয়েকবার বল নিয়ে নেপালের সীমানায় ঢুকে পড়ার চেষ্টা করলেও প্রতিপক্ষের রক্ষণভাগের দৃঢ়তায় বলার মতো সুযোগ তৈরি করতে পারেননি। স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও ছিলেন নিষ্প্রভ।

নড়বড়ে ছিল বাংলাদেশের রক্ষণভাগও। লিঙ্কন ও ওয়ালী ফয়সালের ব্যর্থতায় নেপালের স্ট্রাইকাররা বার-বার বাংলাদেশের সীমানায় বল নিয়ে ঢুকে পড়েছেন।

যার মাশুল দিয়ে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের সাফ-অভিযান।