ভারতকে হারানোর প্রত্যয়
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা। তবে সেই হতাশা ভুলে সেমিফাইনালের পথ প্রশস্ত করতে আগামী মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ।
ম্যাচটা বাংলাদেশের জন্য যেমন বাঁচা মরার লড়াই, তেমনি লোডভিক ডি ক্রুইফের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। রোববার বাংলাদেশের ডাচ কোচ জানালেন, “এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে ভারতের বিপক্ষে আমাদের ভালো খেলতেই হবে। এই ম্যাচে জেতার কোনো বিকল্প নেই।”
“ফুটবলে সবই সম্ভব। এই সত্যের ওপরে বিশ্বাস না থাকলে ঘরে বসে থাকাই ভালো। ভারতের বিপক্ষে জিততে পারবো এটা বিশ্বাস করতে হবে, কারণ আমাদের তিন পয়েন্ট দরকার।”
