ফ্যালকাওয়ের গোলে মোনাকোর জয়
আবারো গোল করেছেন মোনাকোর রাদামেল ফ্যালকাও। সেই সুবাদে প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ফরাসি ক্লাবটি। অলিম্পিক মার্সেইকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে এবার নতুন রুপে গড়ে ওঠা দলটি।
আর এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মোনাকো। চার ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট ৮, অবস্থান চতুর্থ।
স্তাদে ভেলোদ্রোমে ৪৪ মিনিটে স্বাগতিকদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুকাস মেনদেসের গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অতিথি মোনাকো।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ভক্তদের মুখে হাসি ফোটান আতলেতিকো মাদ্রিদ থেকে আসা ফ্যালকাও। ৪৭ মিনিটে তারই লক্ষভেদে সমতায় ফেরে অতিথিরা। এ নিয়ে চার ম্যাচ তিন গোল করলেন এই কলম্বিয়ান স্ট্রাইকার।
আর ৮০ মিনিটে ফরোয়ার্ড এমানুয়েল রিভিয়েরার গোলে জয় নিশ্চিত হয় তাদের।
আসরে এটি রিভেইরার পঞ্চম গোল, লিগের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই।
দিনের অপর ম্যাচে সাঁতে ইচেনা ২-১ গোলে বোর্দোকে হারিয়েছে। আর ওজিসি নিস ও মপেলিয়ের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
