এবার মেয়েদের নতুন চ্যাম্পিয়ন
এবারের উইম্বলডনের মহিলা এককে নতুন কারো হাতে শিরোপা ওঠা নিশ্চিত। সেমিফাইনালে ওঠা চার জনের কেউ উইম্বলডন তো বটেই, কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হতে পারেননি।
অঘটনের ধারাবাহিকতায় মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন দুই বছর আগে উইম্বলডন জিতে টেনিস-বিশ্বে হৈ-চৈ ফেলে দেয়া পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের অষ্টম বাছাই কেভিতোভাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন বেলজিয়ামের ২০তম বাছাই কার্স্টেন ফ্লিপকেন্স।
কেভিতোভার উইম্বলডন জয়ের কয়েক সপ্তাহ আগে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন লি না। প্রথম চীনা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয় করা লি না’রও এবারের মতো উইম্বলডন শেষ।
পোল্যান্ডের চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৭-৬ (৭/৫), ৪-৬, ৬-২ গেমে হারিয়েছেন তাকে। তবে লি না ষষ্ঠ বাছাই হওয়ায় এটাকে ঠিক অঘটন বলা যাবে না।
সেরেনা উইলিয়ামসকে বিদায় করে দেয়া জার্মানির ২৩তম বাছাই স্যাবাইনা লিসিচকির জয়যাত্রা অব্যাহত। এস্তোনিয়ার অবাছাই কাইয়া কানেপিকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি।
মহিলা এককের শেষ চারে ওঠা অন্য খেলোয়াড় ফ্রান্সের পঞ্চদশ বাছাই মারিয়ন বার্তোলি। তিনি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সপ্তদশ বাছাই স্লোন স্টিভেন্সকে; ৬-৪, ৭-৫ গেমে।
