২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যামাইকান ট্রায়ালে বোল্টের সাফল্য

জ্যামাইকান ট্রায়ালে ১০০ মিটার দৌড়ে জয় পেয়ে বিশ্ব অ্যাথলেটিক্সে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jun 2013, 04:56 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

আগামী অগাস্টে মস্কোতে হবে বিশ্ব অ্যাথলেটিক্স।

স্বদেশের প্রতিযোগিতায় সবাইকে ৯.৯৪ সেকেন্ডে পেছনে ফেলেন বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট। এ নিয়ে ৩৫তম বারের মতো ১০ সেকেন্ডের কমে ১০০ মিটার শেষ করলেন অলিম্পিক চ্যাম্পিয়ন।

দ্বিতীয় হওয়া কেমার বেইলি-কোলের টাইমিং ৯.৯৮ সেকেন্ড, তৃতীয় নিকেল অ্যাশমিডের তার চেয়ে ০.০১ সেকেন্ড বেশি।

গতবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার ইয়োহান ব্লেক সরাসরি বিশ্ব অ্যাথলেটিক্সে অংশ নেয়ার সুযোগ পাবেন। অর্থাৎ মস্কোতে ১০০ মিটারে জ্যামাইকাকে প্রতিনিধিত্ব করবেন চার জন — বোল্ট, ব্লেক, বেইলি-কোল ও অ্যাশমিড।

বিশ্বের সাবেক দ্রুততম মানব আসাফা পাওয়েল যথারীতি ব্যর্থ। ১০.২২ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েছেন তিনি।

শুক্রবার শুরুটা ধীরগতিতে হলেও শেষ ৫০ মিটারে তা পুষিয়ে দেন অলিম্পিকে ছয়টি সোনা জেতা বোল্ট। তবে এ নিয়ে তার তেমন উদ্বেগ নেই।

বোল্ট বলেন, “টাইমিং নিয়ে আমি চিন্তিত নই। কারণ রাশিয়ার জন্য প্রস্তুত হতে আমার হাতে পুরো এক মাস আছে।”

এদিকে যুক্তরাষ্ট্রের ট্রায়ালে ৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে জিতেছেন সাবেক দ্রুততম মানব টাইসন গে। এ বছর এটাই সেরা টাইমিং।

মস্কোতে যুক্তরাষ্ট্র থেকে গের সঙ্গী হবেন আরেক সাবেক দ্রুততম মানব ও লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী জাস্টিন গ্যাটলিন এবং চার্লস সিলমন।