সেমিফাইনালে মুখোমুখি মোহামেডান-মুক্তিযোদ্ধা
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।
শুক্রবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, সেমিফাইনালে জয় পাব। তবে কাজটা সহজ হবে না। মুক্তিযোদ্ধা ভারসাম্যপূর্ণ দল। আবাহনীকে পেছনে ফেলে তারা শেষ চারে জায়গা করে নিয়েছে।”
“গ্রুপ পর্বের তিন ম্যাচে আমাদের দলের মিডফিল্ডাররা বেশ ভালো খেলেছে। তবে স্ট্রাইকাররা তেমন ভালো খেলতে পারেনি।”
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, “সৌভাগ্যের পরশ নিয়ে আমরা সেমিফাইনালে উঠেছি। গ্রুপ পর্বে আবাহনী ফেনী সকার ক্লাবের সঙ্গে ড্র না করলে আমরা হয়তো শেষ চারে জায়গা করে নিতে পারতাম না।”
“অন্যদিকে মোহামেডান গ্রুপ পর্বে তিন ম্যাচেই ভালো খেলেছে। সেমিফাইনালে খারাপ খেলতেও পারে। যদি খারাপ খেলে, তাহলে সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”
