২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোরলানের নৈপুণ্যে উরুগুয়ের জয়

নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে উরুগুয়ে। এক গোল করে ও অন্যটি করিয়ে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের জয়ের নায়ক শততম ম্যাচ খেলতে নামা ডিয়েগো ফোরলান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jun 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

‘বি’ গ্রুপের দুটো করে ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ তিন পয়েন্ট। তবে রোববার শেষ ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল হিসেবে বিবেচিত তাহিতি। সেদিন নাইজেরিয়া খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী শহর সালভাদরে ফোরলান, লুই সুয়ারেজ ও এডিনসন কাভানিকে নিয়ে আক্রমণভাগ সাজানো উরুগুয়ে ১৯ মিনিটের সময় এগিয়ে যায়। ফোরলানের নিচু ক্রস থেকে গোল করেন অধিনায়ক ডিয়েগো লুগানো।

৩৭ মিনিটে সমতা নিয়ে আসে আফ্রিকা চ্যাম্পিয়ন নাইজেরিয়া। ব্রাউন আইদিয়ের পাস ধরে বল জালে জড়িয়ে দেন জন ওবি মিকেল।

৫১ মিনিটে উরুগুয়ের জয়সূচক গোলের জন্ম তিন ফরোয়ার্ডের মাধ্যমে। মাঝ মাঠ থেকে সুয়ারেজের বাড়ানো বল খুঁজে পায় বক্সের ঠিক বাইরে থাকা কাভানিকে। কাভানির কাছ থেকে বল পেয়ে, বেশ কঠিন কোণ থেকে জোরালো শটে আবার দলকে এগিয়ে দেন গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ফোরলান।

ব্যবধান ৩-১ করারও দারুণ সুযোগ পেয়েছিল উরুগুয়ে। কিন্তু ফোরলানের দারুণ এক আড়াআড়ি পাস বুক দিয়ে নামিয়ে কাভানি শট নিলেও বল চলে যায় ক্রস বারের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ রাখলেও তেমন ভালো কোনো সুযোগ পায়নি নাইজেরিয়া।

খেলা শুরু হওয়ার ঠিক আগেও সালভাদরের ৪৯ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির গ্যালারি অর্ধেকও পূরণ হয়নি। স্টেডিয়ামের ঠিক বাইরে বিক্ষোভকারীদের সংঘর্ষই তার কারণ।