২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলভক্তদের কর্মসূচি

ম্যাচ পাতানোয় জড়িত থাকার স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুলের শাস্তি যেন কম হয়, সেই দাবিতে কর্মসূচি দিয়েছে এই ক্রিকেটারের ভক্তরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মানববন্ধন করবে তারা।

এই কর্মসূচি পালিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আশরাফুলের দুটি ফ্যান ক্লাবের উদ্যোগে।

মোহাম্মদ আশরাফুল ফ্যান ক্লাবের আরিফ উজ জামান শুভ ও আশরাফুল এন্ড মাশরাফি ফ্যান ক্লাবের তানজিমুল হাসান এই কর্মসূচীর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) আশরাফুলের বিরুদ্ধে তদন্ত করছে। জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয়ায় ক্রিকেট থেকে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি।

চলতি সপ্তাহে আকসুর প্রতিবেদন পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। প্রতিবেদন পাওয়ার পর আশরাফুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।

মানববন্ধনে সাবেক অধিনায়ক আশরাফুলের সতীর্থ মাশরাফি বিন মুর্তজাসহ ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। আসিফ আকবর, বাপ্পা মজুমদারসহ কয়েকজন শিল্পী এতে অংশ নেবেন বলেও জানিয়েছেন তারা।

আশরাফুলভক্তদের কর্মসূচি প্রসঙ্গে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, “মানুষ তাদের দাবির কথা জানাতেই পারে। এটা গণতান্ত্রিক অধিকার। ধ্বংসাত্মক কিছু না করলে কর্মসূচি পালনে কোনো বাধা নেই।”

পুরনো খবর:

আশরাফুলের খেলা ‘আপাতত’ বন্ধ
জাতির কাছে ক্ষমা চাইলেন আশরাফুল