অনুশীলনে ফিরলেন মেসি
চোট সমস্যাকে পেছনে ফেলে শনিবার বার্সেলোনার অনুশীলনে অংশ নিয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন চোট কাটিয়ে ওঠা সার্জিও বুস্কেটসও।
প্রায় মাস খানেক আগে, প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোটে আক্রান্ত হওয়ার পর থেকে ফুটবল মাঠে মেসি অনিয়মিত। গত বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে চিকিৎসকরা অনুমতি দিলেও বার্সার কোচ টিটো ভিলানোভা তাকে মাঠেই নামাননি।
তবে রোববার স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা। বায়ার্নের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে অনুপস্থিত বুস্কেটসও খেলতে পারেন।
বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, “সাম্প্রতিক সময়ে লিওনেল মেসি ও সার্জিও বুস্কেটস তাদের সতীর্থদের সঙ্গে সমান তালে প্রশিক্ষণে অংশ নিতে না পারলেও শনিবার স্বাভাবিক অনুশীলন করেছে।”
বায়ার্নের কাছে দুই লেগ মিলিয়ে ৭-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়া বার্সার সামনে ৫ বছরের মধ্যে চতুর্থ বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ। শেষ ৫ ম্যাচে ৫ পয়েন্ট পেলেই এক মৌসুম পর লিগ শিরোপা ফিরে পাবে তারা।
তবে অত দিন অপেক্ষা না-ও করতে হতে পারে মেসি-জাভি-ইনিয়েস্তাদের। শনিবার রিয়াল মাদ্রিদ রিয়াল ভায়াদোলিদকে হারাতে ব্যর্থ হলে এবং রোববার বার্সেলোনা বেতিসকে হারালে লিগ শিরোপা নিউ ক্যাম্পে ফিরবে।
