২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাসকে হারিয়ে ফাইনালে সেরেনা

বড় বোন ভেনাস উইলিয়ামসকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে অনুষ্ঠানরত ফ্যামিলি সার্কেল কাপের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Apr 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

দীর্ঘ চার বছর পর এটা ছিল দুই বোনের প্রথম লড়াই। সর্বশেষ ২০০৯ সালে দোহায় ডব্লিউটিএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিলেন ‍দুজনে। এ নিয়ে টানা পঞ্চম বারের মতো বড় বোনকে হারালেন সেরেনা। সব মিলিয়ে ২৪টি মুখোমুখি লড়াইয়ে সেরেনা ১৪ এবং ভেনাস ১০বার বিজয়ী। ক্লে কোর্টে তিনটি লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে সেরেনা। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় শুক্রবার দুটি ম্যাচ খেলতে হয়েছিল সেরেনা ও ভেনাসকে। শেষ ষোল ও কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জিতে শনিবার শেষ চারে মুখোমুখি হন তারা। আগের দিনের দুটি ম্যাচের ধকল কাটিয়ে উঠতে পারেননি সাবেক এক নম্বর খেলোয়াড় ভেনাস। মাত্র ২২ মিনিটে প্রথম সেট হেরে যান তিনি। দ্বিতীয় সেট কিছুটা দীর্ঘ হলেও লড়াই হয়নি একটুও। খেলা শেষে সেরেনার মুখেও শোনা যায় ভেনাসের ক্লান্তির কথা। তিনি বলেন, “খুব ভালো একটা সপ্তাহ কাটিয়েছে ভেনাস। তবে তাকে এত খেলতে না হলে লড়াইটা অনেক কঠিন হত। সে হয়তো কথাটা স্বীকার করবে না। কিন্তু আমার মনে হয় সে শতভাগ সুস্থ ছিল না।” অন্যদিকে ছোট বোনের দাপট মেনে নিতে কার্পণ্য করেননি ভেনাস। তিনি বলেন, “নিঃসন্দেহে সেরেনা খুবই ভালো খেলছে। তার অবস্থান এখন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তার সব স্বপ্ন পূরণ হতে দেখাটা দারুণ ব্যাপার।” অন্য সেমিফাইনালে সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ৬-৪, ৬-৭(৬-৮), ৬-২ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্টেফানি ভোগেলেকে।