নাদালের ‘হ্যাটট্রিক’ শিরোপা
হাঁটুর চোট কাটিয়ে ৭ মাস পর কোর্টে ফেরা রাফায়েল নাদালের জীবনে আরেকটি শিরোপার আনন্দ। সোমবার বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। গত মাসে প্রত্যাবর্তনের পর এটি তার টানা তৃতীয় শিরোপা।
সব মিলিয়ে এটি নাদালের ৫৩তম এটিপি শিরোপা। আর ২০১০ সালের অক্টোবরে টোকিওতে জাপান ওপেনের পর হার্ড কোর্টে প্রথম শিরোপা।
গত মাসের শুরুতে চিলির ভিটিআর ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি নাদাল। তবে এরপর ব্রাজিল ওপেন ও মেক্সিকান ওপেনে চ্যাম্পিয়ন হন ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী স্প্যানিশ তারকা।
তবে ঐ দুটি শিরোপা নাদালের প্রিয় ক্লে কোর্টে হওয়ায় ফেরার পর হার্ড কোর্টে তিনি কেমন খেলেন তা নিয়ে কিছুটা সংশয় ছিল টেনিসপ্রেমীদের। ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে পাওয়া সাফল্যে সব সংশয় উড়িয়ে দিয়েছেন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন।
অনেক দিন পর হার্ড কোর্টে সাফল্য পেয়ে নাদাল একটু বেশিই উচ্ছ্বসিত। শিরোপা হাতে নিয়ে তিনি বলেন, “এটা (বিএনপি পারিবাস ওপেনের শিরোপা) আমাকে আবেগপ্রবণ করে তুলেছে। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এক অর্জন। কারণ এই টুর্নামেন্টে বিশ্বসেরা খেলোয়াড়দের বিপক্ষে তাদেরই প্রিয় কোর্টে জয় পেয়েছি আমি। সত্যিই, এর চেয়ে ভালো প্রত্যাবর্তন কিছুতেই হতে পারত না।”
প্রতিযোগিতার মহিলা এককের শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা। ফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে সহজেই ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন এই রুশ তারকা।
