চোট কাটিয়ে ফিরছেন সিদ্দিক
গত মৌসুম তেমন ভালো কাটেনি সিদ্দিকুর রহমানের। চোটের কারণে এশীয় র্যাঙ্কিংয়ের সেরা দশ থেকে ছিটকে পড়েছিলেন। তবে এই ফেব্রুয়ারিতে ব্যস্ত মৌসুম শুরু হওয়ার আগেই তিনি পুরোপুরি চোটমুক্ত। তাই ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের সেরা গলফার।
৭ ফেব্রুয়ারি থেকে পুনের লোনাভলার অ্যাম্বি ভ্যালি গলফ কোর্সে শুরু হতে যাওয়া নিউ প্রোমোটার ইভেন্টে অংশ নেবেন সিদ্দিক। ভারতের পিজিটিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) ট্যুরের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন তিনি।
চার লাখ মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় পিজিটিআই, এশীয় ট্যুর ও ইউরোপীয় ট্যুর থেকে ৯ জন করে প্রতিযোগী অংশ নেবেন।
নিউ প্রোমোটার ইভেন্টে নিজের লক্ষ্য সম্পর্কে সিদ্দিক বলেন, “এই টুর্নামেন্টটির এটাই প্রথম আসর। শুনেছি এটি একটি মানসম্পন্ন কোর্স এবং সেখানে ভিন্ন ধরনের গলফ হবে। কোন্ পদ্ধতিতে খেলা হবে তা এখনো ঠিক হয়নি। আশা করি সম্মানজনক ফলাফল করতে পারব।”
“গত মৌসুমটা ভাল কাটেনি। র্যাঙ্কিংয়ে অনেকখানি পিছিয়ে পড়েছি। তবে চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় আশা করি এবার ভাল করতে পারবো। হারানো অবস্থান ফিরে পাওয়াই আমার প্রথম লক্ষ্য,” যোগ করেন তিনি।
ভারত থেকে ফিরেই এশিয়ান ট্যুরের প্রতিযোগিতাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন সিদ্দিক। ২১ ফেব্রুয়ারি থেকে ইয়াঙ্গুনে মিয়ানমার ওপেন দিয়ে শুরু হবে এশিয়ান ট্যুর। এই প্রতিযোগিতায়ও সিদ্দিক অংশ নেবেন।
মার্চেও তাকে ব্যস্ত সময় কাটাতে হবে। মার্চের প্রথম সপ্তাহে ভারতে সেইল-এসবিআইন ওপেন খেলে তৃতীয় সপ্তাহে রওনা হবেন মালয়েশিয়ায়। সেখানে মে-ব্যাংক মালয়েশিয়ান ওপেন খেলে মার্চের শেষ সপ্তাহে থাইল্যান্ডে চিয়াংমাই গলফ ক্লাসিকে অংশ নেবেন।
এরপর দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়াসহ আরো বেশ কয়েকটি দেশে খেলতে যাবেন সিদ্দিক।
