লিভারপুলের সঙ্গে ম্যান সিটির ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার স্বপ্ন ধাক্কা খেল আরেকবার। রোববার ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল ম্যান সিটি। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬২। ৪৬ পয়েন্ট সংগ্রহ করা চেলসির অবস্থান তৃতীয়।
ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মিনিটে এডিন জেকোর গোলে ম্যান সিটি এগিয়ে যাওয়ার ৬ মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান ড্যানিয়েল স্টুরিজ।
৭৩ মিনিটে স্টিভেন জেরার্ড অতিথিদের এগিয়েও দিয়েছিলেন। তার ৫ মিনিট পরই সমতা নিয়ে আসেন ম্যান সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো।
রোববার ইংলিশ লিগের অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার। ৬৭ মিনিটে বিজয়ী দলের একমাত্র গোলদাতা গ্যারেথ বেল।
৪৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে চতুর্থ স্থানে।
