২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারে কে হারিয়ে চ্যাম্পিয়ন ফেদেরার, ফিরে পেলেন শীর্ষস্থানও

ব্রিটিশদের অপেক্ষাকে আরো বাড়িয়ে রোববার নিজের সপ্তম উইম্বলডন শিরোপা জিতে নিয়েছেন রজার ফেদেরার। সেই সঙ্গে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটিও পুনরুদ্ধার করছেন টেনিসের এই মহাতারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিটিশদের অপেক্ষাকে আরো বাড়িয়ে রোববার নিজের সপ্তম উইম্বলডন শিরোপা জিতে নিয়েছেন রজার ফেদেরার। সেই সঙ্গে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটিও পুনরুদ্ধার করছেন টেনিসের এই মহাতারকা। ফাইনালে ৩ ঘন্টা ২৪ মিনিটের লড়াইয়ে যুক্তরাজ্যের অ্যান্ডি মারেকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারান ফেদেরার। এটি তার ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ২০১০ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। দীর্ঘ প্রায় আড়াই বছর পর আবারো গ্র্যান্ড স্লাম শিরোপা উঠলো ফেদেরারের হাতে। মারে উইম্বলডনের ফাইনালে ওঠায় দীর্ঘ ৭৬ বছরের প্রতিক্ষায় অবসান হওয়ার স্বপ্ন দেখছিলেন ব্রিটিশরা। ঘরের ছেলে ফ্রেড পেরি ১৯৩৬ সালে সর্বশেষ প্রতিযোগিতাটির পুরুষ এককের শিরোপা জিতেছিলেন। সেন্টার কোর্টে প্রথম সেট ৬-৪ গেমে জিতে নিয়ে সেরকম ইঙ্গিতই দিয়েছিলেন মারেও। দ্বিতীয় সেটেও ফেদেরারের সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে হেরে যান তিনি। তৃতীয় সেটের শুরুতে বৃষ্টি নামে। এত খেলা প্রায় ৪০ মিনিটের মতো বন্ধ থাকে। বৃষ্টির কারণে সেন্টার কোর্টের ছাদ বন্ধ করে দেয়া হয়। বন্ধ ছাদের নীচেই বাকি খেলা চলে। খেলা শুরু হওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন চ্যাম্পিয়ন ফেদেরার। ম্যাচের নিয়ন্ত্রণ পুরো-পুরি নিজের হাতে তুলে নেন। টানা দুই সেট জিতে ছুঁয়ে ফেলেন পিট সাম্প্রাসের ৭টি উইম্বলডন জয়ের রেকর্ড। অল ইংল্যান্ড ক্লাবের ইতিহাসে এই প্রথম বন্ধ ছাদের নীচে কোনো ফাইনাল ম্যাচ হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২৩৫৮ ঘ.