ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো জয়ী জাতীয় বীরদের সংবর্ধনা জানাতে স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থল ‘প্ল¬াজা দে সিবেলেস’ সোমবার পরিণত হয় জনসমুদ্রে। ছাদ খোলা দোতলা বাসে চড়ে, লাল-হলুদ জাতীয় পতাকা নিয়ে অজস্র উল্লসিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় ভিসেন্তে দেল বস্কের দল।
বিমানবন্দর থেকে রওনা দেয়ার প্রায় আড়াই ঘন্টা পর ‘প্ল¬াজা দে সিবেলেস’-এ পৌঁছায় ইতিহাসের প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো বিজয়ীরা। পুরো রাস্তা জুড়ে তখন সমর্থকদের জমাট বাঁধা ভীড়।
রোববার রাত থেকেই অবশ্য উৎসবের দেশে পরিণত হয় স্পেন। চলমান অর্থনৈতিক মন্দা ভুলে টানা দ্বিতীয় ইউরো জয়ের আনন্দে উন্মাতাল হয়ে পড়ে স্প্যানিয়ার্ডরা। চারদিক প্রকম্পিত হয়ে ওঠে “চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন! ওলে! ওলে!” চিৎকারে।
স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস বলেন, “অসাধারণ খেলোয়াড় ও অসাধারণ মানুষদের নিয়ে গড়া এই দলটির নেতৃত্ব দিতে পারা আমার জন্য বিরাট সম্মানের। এখানে আসার জন্য সকলকে ধন্যবাদ।”
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা বিখ্যাত এই দলটির সদস্য হতে পেরে সম্মানিত বোধ করার কথা জানিয়ে বলেন, “আমি সব থেকে বেশি সম্মানিত বোধ করছি এটা দেখে যে, এত কঠিন সময়েও আমাদের জন্য আপনারা আনন্দ করছেন...... আপনাদের সুখী দেখাটা খুবই তৃপ্তিদায়ক।”
জাভি হার্নান্দেজ বলেন, “এটা প্রশংসনীয় বিজয়, আমরা ইতিহাস গড়েছি এবং এখন তা উদযাপনের সময়।”
এর আগে স্পেনের রাজা হুয়ান কার্লোস এবং রাজ পরিবারের সদস্যরা জারজুয়েলা প্রাসাদে খেলোয়াড়দের অভিনন্দন জানান।
মাদ্রিদের সম্পূর্ণ উল্টো চিত্র রোমে। রানার্সআপ ইতালির খেলোয়াড়দের স্বাগত জানাতে অল্প কয়েক জন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি বলেন, “আমরা স্বপ্ন পূরণ থেকে মাত্র এক পা দূরে দাঁড়িয়ে ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে অসাধারণ একটি দলের বিপক্ষে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। এখন আমাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪৯ঘ.
bdnews24